কলকাতা, ১০ নভেম্বরঃ কালীঘাটের রাস্তায় জন্মদিনের উদ্যাপন ঘিরে অশান্তির ঘটনায় এবার তদন্তের অভিমুখ লালবাজারের দিকে। গত শুক্রবার মধ্যরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কালীঘাটের একাংশ। ভাঙচুর, মৃৎশিল্পীদের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে পুলিশের সঙ্গে বচসা ও হেনস্তার অভিযোগ সব মিলিয়ে ঘটনায় ক্রমেই বাড়ছে উত্তাপ। এবার এই ঘটনার তদন্তভার গ্রহণ করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, ঘটনায় ধৃত তিনজনকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।
শুক্রবার রাতের ওই ঘটনায় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পীর ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। নষ্ট হয়েছে মূর্তি, প্রতিমা তৈরির সরঞ্জাম এবং কাজের নানা সামগ্রী। পরিস্থিতি সামাল দিতে রাতেই বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতার একাংশের হাতে হেনস্তার শিকার হন পুলিশকর্মীরা। এমনকী কর্তব্যরত এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও সামনে আসে। ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃত তিনজনই তাঁদের দলের কর্মী। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অশান্তির নেপথ্যে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ধৃতদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। কীভাবে অশান্তি ছড়িয়েছিল, কারা কী ভূমিকা নিয়েছিলেন, তা বুঝতেই এই পুনর্নির্মাণ বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনায় প্রশাসনের অবস্থানও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার অভিষেকের নাম না করেই তিনি জানিয়ে দেন, পুলিশকে চড় মারা, হুমকি দেওয়া কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। তাঁর কথায়, আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। পুলিশকর্মীদের শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে এবং ঘটনায় চার্জশিট দেওয়ার পাশাপাশি বিচারপ্রক্রিয়াতেও কোনও শিথিলতা রাখা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে জন্মদিনের উদ্যাপন ঘিরে শুরু হওয়া কালীঘাটের অশান্তি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি পুলিশের তদন্তেরও কেন্দ্রে। লালবাজারের গোয়েন্দারা তদন্তভার নেওয়ায় এবার নজর, সিসিটিভি ফুটেজ ও ধৃতদের জিজ্ঞাসাবাদে আর কী কী তথ্য উঠে আসে।











