দিনহাটা ১০ নভেম্বরঃ নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে ফের সক্রিয় হল পুলিশ। মঙ্গলবার দুপুরে দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জমিতে চাষ করা নিষিদ্ধ গাঁজা গাছ কেটে নষ্ট করল সাহেবগঞ্জ থানার নাজিরহাট ক্যাম্পের পুলিশ। পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষের খবর পাওয়ার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু মানুষ বেআইনিভাবে গাঁজা চাষ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার দুপুরে লাঙ্গুলিয়া এলাকায় পৌঁছন পুলিশকর্মীরা।
এরপর জমিতে চাষ করা নিষিদ্ধ গাঁজা গাছগুলি চিহ্নিত করে কেটে নষ্ট করা হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর মানিক বর্মন। তাঁর নেতৃত্বেই পুলিশকর্মীরা গোটা অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, নিষিদ্ধ মাদকদ্রব্যের চাষ ও বেআইনি কারবার বন্ধ করতে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রশাসনের তরফে বারবার সচেতন করার পরেও এই ধরনের বেআইনি কাজ চলতে থাকায় এবার সরাসরি অভিযানে নামতে হচ্ছে পুলিশকে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আগামী দিনেও নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেআইনি চাষ বন্ধ করতে প্রশাসনের এই তৎপরতা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।






