শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (NJP) রেলস্টেশন সংলগ্ন এলাকায় একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার হয় একটি সন্দেহজনক ব্যাগ। সেই ব্যাগের ভিতর থেকেই একাধিক আগ্নেয়াস্ত্র এবং অন্তত ১৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নিতাই শীল নামে এক ব্যক্তি ওই এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিয়ে সন্দেহ হওয়ায় তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ব্যাগটি পরীক্ষা করে তার ভিতর থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা। তার উপর পুলিশ আউট পোস্টের পাশেই এভাবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পড়ে থাকার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজগুলি কারা সেখানে রেখেছিল, কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল এবং এর পিছনে কোনও অপরাধমূলক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনবহুল এলাকায় এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তদন্তের পরেই এই ঘটনার নেপথ্যে থাকা আসল রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।





