কোচবিহার, ১০ নভেম্বরঃ আসন্ন ভাইফোঁটা ও ছটপুজোকে সামনে রেখে বাজারদর নিয়ন্ত্রণে তৎপর হল কোচবিহার জেলা প্রশাসন। উৎসবের মরশুমে সাধারণ ক্রেতাদের যাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অতিরিক্ত দামে কিনতে না হয়, সেই লক্ষ্যেই কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হল।
এদিন জেলা প্রশাসনের আধিকারিকরা নতুন বাজারের বিভিন্ন মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানে যান। সেখানে বিভিন্ন সামগ্রীর বিক্রয়মূল্য এবং বাজারদর খতিয়ে দেখেন তাঁরা। বিশেষ করে চিনি-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে কি না, তা নিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে বিভিন্ন সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়। সেই সুযোগে কোনও ব্যবসায়ী যাতে অতিরিক্ত দাম নিতে না পারেন, সেদিকে নজর রাখতেই এই বিশেষ অভিযান। বাজারে পণ্যের দাম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট-সহ প্রশাসনিক আধিকারিক ও পুলিশকর্মীরা।
উল্লেখ্য, উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে জেলা প্রশাসনের এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারের ক্রেতারা।
ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারদরের উপর নজরদারি বজায় রেখে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করাই এখন প্রশাসনের লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের নজরদারি অভিযান চলবে কি না, সেদিকেই নজর শহরবাসীর।





