কলকাতা, ১০ নভেম্বরঃ দরজায় তালা ঝুলছে প্রায় আড়াই মাস। আলো-পাখা চলছে, অথচ ব্যবহার হচ্ছে না অফিস। কবে খুলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস? ফরেনসিক পরীক্ষার জন্য গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা ওই কার্যালয় নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট শিবির। এত দিনেও কেন ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হল না, আর কত দিনই বা বন্ধ থাকবে দলীয় কার্যালয় এই প্রশ্ন তুলে আদালতে মামলা করা হয়েছে। তবে অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হলেও তা পাঠিয়ে দেওয়া হয়েছে নিয়মিত বেঞ্চে। আগামী ২৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয় ঘিরে বিতর্কের সূত্রপাত বিলবোর্ড লাগানো নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ খতিয়ে দেখতে প্রথমে অভিযান চালায় কলকাতা পুরসভা। সেই অভিযান ঘিরে উত্তেজনাও ছড়ায়। এর পরেই সংশ্লিষ্ট বহুতলের সাত ও আটতলায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর হয় দমকল বিভাগ। পরিদর্শনের পর ভবনের মালিক এবং ভাড়াটে পক্ষকে নোটিস পাঠানো হয় দমকলের তরফে।
সেই নোটিসে জানানো হয়, ১০ অগস্ট ক্যামাক স্ট্রিটের ওই অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন করে শংসাপত্রের জন্য আবেদনও করা হয়নি। দমকলের অভিযানে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছ’ধরনের ত্রুটি ধরা পড়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।
গত ৩ সেপ্টেম্বর পুলিশ অফিসটি বন্ধ করে দেয়। জানানো হয়েছিল, সেখানে ফরেনসিক পরীক্ষা করা হবে। কিন্তু প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সেই পরীক্ষা না হওয়ায় প্রশ্ন তুলেছে তৃণমূল। আদালতে কালীঘাট শিবিরের বক্তব্য, অফিস বন্ধ থাকলেও সেখানে আলো-পাখা চালু রয়েছে। ফলে নিয়মিত বিদ্যুতের খরচও বহন করতে হচ্ছে। অথচ কবে পরীক্ষা হবে, কবে কার্যালয় খোলার অনুমতি মিলবে, তার কোনও স্পষ্ট দিশা নেই। মামলার প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে হাই কোর্ট। তবে অবকাশকালীন বেঞ্চে চূড়ান্ত শুনানি হয়নি। মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। ফলে আপাতত ২৩ নভেম্বরের দিকেই নজর তৃণমূলের। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগ, বিলবোর্ড বিতর্ক এবং ফরেনসিক পরীক্ষার জট সব মিলিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের কার্যালয় কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, এখন সেটাই বড় প্রশ্ন।






