কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ পুজোর আগে সুখবর নয়, মদপ্রেমীদের জন্য আসছে পকেটে চাপ। দুর্গাপুজোর আগেই রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার তিন ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। আগামী ১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর করার কথা। যদিও কোন মদের দাম কতটা বাড়বে, এখনও তা স্পষ্ট করেনি আবগারি দফতর।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড। সেখানে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে মদের নতুন মূল্য কাঠামো কার্যকর হবে। তবে কোনও কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সেগুলিকেও নতুন করে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ, দামের হেরফের না হলেও মূল্য কাঠামোর আওতায় থাকছে সংশ্লিষ্ট পণ্য।
গত ৩ সেপ্টেম্বর কর্পোরেশনের সদর দফতরে এ নিয়ে বৈঠকও হয়েছে। দেশি-বিদেশি মদ এবং বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ বা ইওআই নিয়ে বিভিন্ন প্রস্তুতকারক ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। সেখানেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবগারি আইন মেনেই সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পাশাপাশি সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে দাম সামঞ্জস্যপূর্ণ রাখার নির্দেশ রয়েছে। মদ মজুত এবং পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে প্রস্তুতকারকদের।
তবে পুজোর বাজারে মদের সরবরাহ যাতে কোনও ভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক প্রশাসন। দোকানে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। নতুন মূল্য কাঠামো এবং পণ্যের নথিভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।
এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, দুর্গাপুজোর অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। বারেও মিলবে না মদ। সেই আবহেই রাজস্ব বাড়ানোর লক্ষ্যে মদের নতুন মূল্য কাঠামোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।











