শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ ছাত্রছাত্রীদের পথে নামিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৯ নভেম্বর শিলিগুড়িতে ছাত্র হুংকার মহামিছিলের ডাক দিল সংগঠন। বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে এসডিও অফিসে। উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে প্রায় ১০ হাজার পড়ুয়াকে এই কর্মসূচিতে সামিল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শনিবার শিলিগুড়িতে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন এবিভিপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, শুধু উত্তরবঙ্গেই এই প্রতিবাদ সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সাংবাদিক বৈঠকে এবিভিপি সদস্যদের দাবি, দেশের স্বার্থেই কাজ করবে ভারতীয় জেন-জি। কোনওভাবেই ভারতকে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না। তাঁদের অভিযোগ, জেন-জি আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল দেশের নানা প্রান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আম আদমি পার্টি-সহ একাধিক রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এমনকি বিদেশি শক্তির প্রভাবেও দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ এবিভিপির।
সংগঠনের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই ১৯ নভেম্বরের মহামিছিলকে বড় আকার দেওয়ার প্রস্তুতি চলছে। উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে জমায়েতের পরিকল্পনা করা হচ্ছে।
এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবিভিপির স্টেট সেক্রেটারি দ্বীপ দত্ত, স্টেট জয়েন্ট সেক্রেটারি অদিতি বিশ্বাস, অনিকেত দে, মহানগর সম্পাদক সৌগত দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
১০ হাজার পড়ুয়ার জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে এবিভিপির এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। ১৯ নভেম্বর শিলিগুড়ির রাজপথে ছাত্রসমাজের কতটা উপস্থিতি দেখা যায়, এখন সেদিকেই নজর।







