খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ ডিসেম্বর: বড়দিনের আগেই মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সোবাভিটা, বেলাকোবা এলাকা। জলপাইগুড়ি আগাপে ফেলোশিপ ও শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো প্রি-ক্রিসমাস সেলিব্রেশন। এই অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠান উপলক্ষে এলাকার সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চোখের পরীক্ষা শিবির। গ্রামাঞ্চলের বহু মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে উপকৃত হন। চিকিৎসকদের পরামর্শে অনেকেই প্রাথমিক পর্যায়েই নিজেদের শারীরিক সমস্যার কথা জানতে পারেন বলে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জলপাইগুড়ি আগাপে ফেলোশিপের পাস্টর রাজীব মণ্ডল বলেন, বড়দিন শুধু উৎসবের দিন নয়, বরং যীশুখ্রিষ্টের ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা স্মরণ করার সময়। সেই আদর্শ অনুসরণ করেই এই মানবকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যতেও সমাজের দুস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
এই কর্মসূচিতে সহযোগিতা করা আজমি কেয়ারের পক্ষ থেকে ডাঃ সাকিব খান বলেন, গ্রামাঞ্চলে বিনামূল্যের স্বাস্থ্য শিবির অত্যন্ত জরুরি। অনেক মানুষ আর্থিক ও ভৌগোলিক সমস্যার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এই ধরনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বাড়ে এবং রোগ নির্ণয় সহজ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই এই মানবসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বড়দিনের আগেই মানবতার বার্তা ছড়িয়ে দিয়ে সোবাভিটার এই প্রি-ক্রিসমাস সেলিব্রেশন এলাকায় প্রশংসিত হয়েছে।





