কোচবিহার, ১১ নভেম্বরঃ আর মাত্র চার দিন। তারপরই সূর্যদেবের আরাধনায় ভোর ও সন্ধ্যায় সরব হয়ে উঠবে কোচবিহারের বিভিন্ন ছটঘাট। পুণ্যার্থীদের ভিড়, পুজোর আয়োজন আর নদী বা জলাশয়ের জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উৎসবের সেই ব্যস্ততার মধ্যেই নিরাপত্তা ও পরিষেবার খুঁটিনাটি খতিয়ে দেখতে ময়দানে নামল জেলা প্রশাসন। ছট পুজোর আগে কোচবিহার শহরের একাধিক ঘাট পরিদর্শন করলেন প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক (এসডিও), অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, কোতোয়ালি থানার আইসি-সহ প্রশাসন ও পুলিশের একাধিক আধিকারিক। ঘাটগুলিতে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা রয়েছে, কোথায় কোথায় আরও প্রস্তুতি প্রয়োজন সরেজমিনে তা খতিয়ে দেখেন তাঁরা।
ছট পুজোয় ঘাটের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে জলাশয়ের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা আবর্জনা সরানো এবং পুণ্যার্থীদের যাতায়াতের পথ নিরাপদ রাখার বিষয়েও নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না, ভিড় সামলানোর মতো পরিকাঠামো তৈরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখেন আধিকারিকেরা।
ছট পুজোয় সন্ধ্যা ও ভোরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। ফলে নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। প্রশাসন ও পুলিশের যৌথ পরিদর্শনে সেই দিকগুলিও গুরুত্ব পেয়েছে।
উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুণ্যার্থীদের যাতে অযথা সমস্যায় পড়তে না হয়, সে দিকেই নজর জেলা প্রশাসনের। হাতে সময় কম। তাই ঘাটগুলির বাকি কাজ দ্রুত শেষ করে সব রকম প্রস্তুতি সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রশাসন। এখন অপেক্ষা ছটের।





