কলকাতা, ১১ নভেম্বরঃ ভাইফোঁটার সকালে আচমকাই হাইজ্যাক আতঙ্ক কলকাতা বিমানবন্দরে। উড়ানের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। বিমানে আসন গ্রহণ করে ফেলেছেন যাত্রীরা। ঠিক সেই সময়ই পাইলটের কাছে পৌঁছল হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা। মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে ৯২ জন যাত্রীকে নিয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হল আইসোলেশন বে-তে। শুরু হল তল্লাশি। বুধবার সকালের এই ঘটনায় বিমানবন্দর চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ওই উড়ানটির। নির্ধারিত সময়েই যাত্রীরা বিমানে উঠে নিজেদের আসনে বসেছিলেন। বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন পাইলট। ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে তাঁর কাছে আসে বিশেষ সতর্কবার্তা। জানানো হয়, ওই বিমানে হাইজ্যাকের আশঙ্কা রয়েছে। এমন বার্তা পাওয়ার পরেই আর ঝুঁকি নিতে চাননি বিমানকর্মীরা। উড়ান স্থগিত রেখে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত একটি বার্তা লেখা ছিল। পাশাপাশি বিমানের ভিতর থেকে একটি চিরকুটও উদ্ধার হয়েছে বলে খবর। কী লেখা ছিল ওই বার্তায়? কে বা কারা সেটি লিখেছে? তা নিয়েই শুরু হয়েছে তদন্ত। নির্দেশ মেনে যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচমকা এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এর পর আইসোলেশন বে-তে শুরু হয় নিরাপত্তা বাহিনীর তল্লাশি। বিমানের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। হুমকিটি আদৌ বাস্তব, নাকি নিছক আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ এমন কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা।
সবচেয়ে বড় প্রশ্ন, নিরাপত্তার এত কড়াকড়ির মধ্যেও কী ভাবে বিমানের ভিতরে এমন হুমকি বার্তা পৌঁছল? যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ফাঁক ছিল কি না, তা-ও তদন্তের আওতায় আসতে পারে। এই খবর লেখা পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।





