দক্ষিণ ২৪ পরগনা, ১১ নভেম্বরঃ ক্ষমতার দাপট কি তবে অতীত? এক সময় ফলতায় কার্যত শেষ কথা বলতেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাহাঙ্গির খান। এলাকায় তাঁর প্রভাব-প্রতিপত্তি নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা হয়নি। সেই জাহাঙ্গিরই এখন জেলবন্দি। আর এ বার তাঁর প্রাসাদোপম বাড়ির গায়ে পড়ল প্রশাসনের হাত। দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই পদক্ষেপকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাজ্যে সরকার বদলের পর ফলতা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গির। পরে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। শেষ পর্যন্ত নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই তৃণমূল নেতাকে ঘিরে সেই সময় রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারির পর থেকেই ফলতায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে।
এ বার নজরে তাঁর শ্রীরামপুরের বাড়ি। প্রশাসন সূত্রে খবর, বাড়িটি নির্মাণে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ। দোতলার বেশি উঁচু বাড়ি তৈরির ক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন হলেও জাহাঙ্গিরের বাড়ির ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এই নির্মাণকে কেন্দ্র করে আদালতেও মামলা হয়। আদালতের নির্দেশের পর বাড়ি ভাঙার প্রক্রিয়ায় এগোয় প্রশাসন।
আগেই বাড়ি খালি করে সাত দিনের মধ্যে নির্মাণ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে প্রশাসনের দাবি। তাই এ বার সরাসরি অভিযানে নামে জেলা প্রশাসন। সকাল থেকেই বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও সন্দীপ সিংহ রায়-সহ প্রশাসনের আধিকারিকেরা। বাড়ির ভিতরে থাকা আসবাব ও মূল্যবান সামগ্রী বাইরে বের করে আনার কাজ চলে দীর্ঘক্ষণ। বাড়ি খালি করার পরই ভাঙার কাজ শুরু হয়।
এক সময় রাজনৈতিক প্রভাবের প্রতীক বলে পরিচিত সেই প্রাসাদোপম বাড়িতেই এ বার প্রশাসনিক পদক্ষেপ। ফলতার রাজনীতিতে এই ঘটনা নিছক একটি বেআইনি নির্মাণ ভাঙার অভিযান, নাকি ক্ষমতার পালাবদলের পর নতুন প্রশাসনিক বার্তা সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে।





