দিনহাটা, ১১ নভেম্বরঃ নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে ফের সক্রিয় হল পুলিশ। বুধবার দুপুরে দিনহাটার নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী শালমারা এলাকায় অভিযান চালিয়ে জমিতে চাষ করা গাঁজা গাছ কেটে নষ্ট করল সাহেবগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে সাহেবগঞ্জ এলাকাতেও অবৈধ চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রশাসনের তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও এলাকার কয়েকটি জায়গায় নিষিদ্ধ গাঁজা চাষ চলছিল বলে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতেই এ দিন দুপুর দুটো নাগাদ অভিযান চালানো হয়। জমিতে পৌঁছে গাঁজা গাছগুলি কেটে নষ্ট করেন পুলিশকর্মীরা।
অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল ইনস্পেক্টর পিন্টু বর্মন এবং সাব-ইনস্পেক্টর মানিক বর্মন। নিষিদ্ধ চাষ বন্ধ করতে প্রশাসনের তরফে আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তার পরেও এমন চাষের খবর পাওয়ায় অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের বক্তব্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাঁজা চাষের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান চলবে। এলাকায় নিষিদ্ধ চাষের প্রবণতা রুখতে নজরদারি আরও জোরদার করার বার্তাও দিয়েছে পুলিশ।





