দিনহাটা, ১১ নভেম্বরঃ ভাই-বোনের স্নেহ, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনার বার্তা। দিনহাটায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন মহিলা বিজেপি কর্মীদের। প্রচলিত মন্ত্রের সুরে ভাইয়ের মঙ্গলকামনা। ভাইফোঁটার সকালে দিনহাটায় অন্য মেজাজে ধরা দিল রাজনৈতিক পরিসরও। বুধবার দিনহাটার বিধায়ক অজয় রায়কে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করলেন মহিলা বিজেপি কর্মীরা।
এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত মহিলা কর্মীরা বিধায়কের কপালে ফোঁটা পরিয়ে দেন। চলে মিষ্টিমুখও। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ প্রচলিত এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পালিত হয় ভাইফোঁটার অনুষ্ঠান।
রাজনীতির ব্যস্ততা সরিয়ে এ দিন সামনে উঠে আসে ভাই-বোনের চিরন্তন সম্পর্কের আবেগ। মহিলা কর্মীদের এই আয়োজন ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। বিধায়কের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি ভাইফোঁটার শুভেচ্ছা বিনিময়েও মাতেন উপস্থিত সকলে।





