আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লেজার-শো, আতসবাজি, সাগরদিঘিতে আরতি! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী

Published on: November 11, 2026
---Advertisement---

কোচবিহার, ১১ নভেম্বরঃ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। লেজার-শো, আতসবাজি, সাগরদিঘির ঘাটে আরতি নানা আকর্ষণে এ বার নতুন সাজে ধরা দিতে চলেছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। হাতে আর বেশি সময় নেই। তাই প্রস্তুতিতে গতি আনতে তৎপর জেলা প্রশাসন। আগামী ২৫ নভেম্বর রাসমেলার আনুষ্ঠানিক সূচনায় কোচবিহারে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও মদনমোহন বাড়িতে নিয়ম মেনে ২৪ নভেম্বরই শুরু হবে রাস উৎসব। তার পরের দিন হবে মেলার উদ্বোধন।

এবার ২১৪ বছরে পা দিচ্ছে কোচবিহারের রাসমেলা। এই ঐতিহ্যকে শুধু স্থানীয় উৎসবের গণ্ডিতে আটকে না রেখে বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছে প্রশাসন। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে রাসমেলার নিজস্ব ওয়েবসাইট। সেখানে মেলার ইতিহাস, ঐতিহ্য এবং আয়োজন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে। কোচবিহার ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন বাসিন্দাদের কাছেও রাসমেলার খবর পৌঁছে দিতে সমাজমাধ্যম ও ই-মেলের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাসমেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়। উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব-সহ প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে শহরের হেরিটেজ স্থাপত্যগুলিকে আলোকসজ্জায় সাজানো, সিসিটিভি নজরদারি বাড়ানো এবং পর্যটকদের জন্য বিশেষ প্যাভিলিয়ন তৈরির বিষয়েও আলোচনা হয়।

এবারের অন্যতম নতুন আকর্ষণ গৌরীমেলা। প্রথমবার রাসমেলা চত্বরেই স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য অন্তত ৫০টি স্টল তৈরি করা হবে। স্টেডিয়াম চত্বরে বসবে এই স্টলগুলি। ২৩ নভেম্বর নিউটাউনে গৌরীমেলার প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। পরে কোচবিহারের রাসমেলায় শুরু হবে দ্বিতীয় পর্ব।

পাশাপাশি, রাসমেলাকে কেন্দ্র করে আসা পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ তৈরির পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে এ বার রাসমেলাকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি কোচবিহারের ঐতিহ্য ও পর্যটনকে নতুন করে তুলে ধরাই প্রশাসনের লক্ষ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment