চন্দননগর, ১১ নভেম্বরঃ আলোর শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজো এলেই গঙ্গাপাড়ের এই শহর যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আলোর কারুকাজ, বিশাল মণ্ডপ, প্রতিমার সাবেকিয়ানা আর দর্শনার্থীদের ঢল সব মিলিয়ে কয়েক দিনের জন্য উৎসবের নগরীতে পরিণত হয় চন্দননগর। তবে এ বার সেই চেনা উৎসবের আবহে যোগ হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক মাত্রা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এটাই প্রথম জগদ্ধাত্রী পুজো। তার উপর চন্দননগরের এই ঐতিহ্যবাহী উৎসব পেয়েছে ‘রাজ্য উৎসব’-এর মর্যাদা। ফলে এ বারের আয়োজন ঘিরে প্রত্যাশাও অনেক বেশি।
আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে উৎসবের উদ্বোধন হওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, চন্দননগরের রানি মা পুজো নামে পরিচিত তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যেতে পারেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। তবে সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
মঙ্গলবার চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা এবং পুজোমণ্ডপ পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী-সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। দর্শনার্থীদের যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং নাগরিক পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। উৎসবের দিনগুলিতে বিপুল জনসমাগম সামলাতে আগাম পরিকল্পনা তৈরি করছে প্রশাসন।
পরিদর্শন শেষে জেলাশাসক জানান, জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এই পরিদর্শন। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্য দিকে, উৎসবের সাজেও কোনও খামতি রাখতে চাইছে না শহর। আলোয় সাজছে রাস্তা, নতুন করে সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকাগুলি। চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকশিল্পকে আরও বড় পরিসরে তুলে ধরার উদ্যোগও রয়েছে। বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানিয়েছেন, এ বছর রাজ্য উৎসবের মর্যাদা পাওয়ায় জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ আরও বাড়বে। পাশাপাশি শহরের বিখ্যাত জলভরা সন্দেশকেও উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, ঐতিহ্য, আলোকশিল্প ও নতুন প্রশাসনিক আবহ তিনের মেলবন্ধনে এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে বাড়তি উন্মাদনা।





