আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নতুন এসি লোকাল থেকে উড়ালপুল, বাংলার রেল পরিষেবায় বড়সড় বদলের প্রস্তাব! বৈঠকে সাংসদদের একগুচ্ছ দাবি

Published on: November 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ নভেম্বরঃ লোকাল ট্রেনের ভিড়, দীর্ঘ অপেক্ষা কিংবা এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে বাড়তি দুর্ভোগ নিত্যযাত্রীদের এমন একাধিক সমস্যার সমাধানে এবার নতুন উদ্যোগের ভাবনা পূর্ব রেলের। নতুন লোকাল ও এসি ট্রেন চালু করা থেকে শুরু করে স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, উড়ালপুল নির্মাণ এবং একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ পরিষেবার পরিসর বাড়াতে একগুচ্ছ প্রস্তাব উঠে এল রেলের উচ্চপর্যায়ের বৈঠকে। মঙ্গলবার কলকাতায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদদের নিয়ে এই বৈঠক করে পূর্ব রেল। ফলে নতুন ট্রেনের আশায় থাকা যাত্রীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা।

বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্রপ্রতাপ সিংহ এবং দুই ডিভিশনের আধিকারিকেরা। বৈঠকের চেয়ারম্যান নির্বাচিত হন সাংসদ সৌগত রায়। সেখানে যাত্রীদের দৈনন্দিন সমস্যা ও রেল পরিষেবার উন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কাটোয়া-আজিমগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর পাশাপাশি কাটোয়া-শিয়ালদহ লোকাল চালুর দাবি ওঠে। শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল চালানোর প্রস্তাবও দেওয়া হয়। একই সঙ্গে শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটে নতুন এসি লোকাল চালুর দাবিও জানান সাংসদরা। অন্য দিকে, মালদহ-বহরমপুর-শিয়ালদহ রুটে শৌচাগারযুক্ত মেমু ট্রেন চালানোর প্রস্তাব সামনে আসে।

শুধু নতুন ট্রেন নয়, পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। নশিপুর সেতু দিয়ে আরও ট্রেন চালানো, গোগাট-তারকেশ্বর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং কল্যাণী স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি ওঠে। আমঘাটা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম, মুর্শিদাবাদ ও বেলডাঙায় উড়ালপুল নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় আন্ডারপাস ও উড়ালপুল তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাংসদরা।

বৈঠকে জেনারেল ম্যানেজার জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্প, কবচ প্রযুক্তি, নতুন কামরা সংযোজন, রেলগেট তুলে দেওয়া এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ এগোচ্ছে। এদিন সাংসদদের সামনে ‘জনপ্রতিনিধি পোর্টাল’-ও তুলে ধরে পূর্ব রেলের তথ্যপ্রযুক্তি দল।

বৈঠক শেষে মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের প্রস্তাবগুলি খতিয়ে দেখে যাত্রীস্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। রেল বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপের চেষ্টা হবে। এখন দেখার, প্রস্তাবের তালিকা থেকে কতগুলি বাস্তবে রূপ পায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment