কলকাতা, ২৮ নভেম্বরঃ মাদ্রাসার সাপ্তাহিক ছুটির দিন নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের। এবার থেকে রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসায় রবিবার ছাড়া অন্য কোনও কর্মদিবসে সাপ্তাহিক ছুটি রাখা যাবে না। অর্থাৎ, এত দিন যে সব মাদ্রাসায় শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হত, সেখানে এবার থেকে নিয়ম মেনে রবিবারই বন্ধ রাখতে হবে পঠনপাঠন। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। তবে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষক সংগঠনগুলির একাংশের দাবি, শুক্রবারের ছুটি তুলে দেওয়ার সিদ্ধান্ত সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের শামিল।
পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার এবং ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অনুসারে রবিবারই একমাত্র সাপ্তাহিক ছুটির দিন হিসেবে গণ্য হবে। ফলে সপ্তাহের অন্য কোনও সাধারণ কর্মদিবসে মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। ওই দিনগুলিতে স্বাভাবিক নিয়মে পঠনপাঠন এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যেতে হবে। তবে রাজ্য সরকার কিংবা মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে ঘোষিত সরকারি ও ধর্মীয় উৎসবের ছুটিগুলি আগের মতোই বহাল থাকবে।
পর্ষদ সূত্রে খবর, শিক্ষাবর্ষের নির্ধারিত পঠনপাঠনের দিনগুলিকে যথাযথভাবে কাজে লাগানো এবং সমস্ত স্বীকৃত মাদ্রাসায় ছুটির ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ। সেই কারণে রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসাকে একই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও বিলম্ব না করার কথাও বলা হয়েছে।
কিন্তু পর্ষদের এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, রাজ্যের বহু মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে চালু রয়েছে। হঠাৎ সেই ব্যবস্থা বদলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, ‘‘সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের কোনও মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি রবিবার ছাড়া অন্য দিন রাখা যাবে না। সরকারের এই সিদ্ধান্তের আমরা বিরোধিতা করি। সাধারণত এই মাদ্রাসাগুলিতে শুক্রবার ছুটি থাকত। এই সিদ্ধান্ত সংবিধানে উল্লিখিত সংখ্যালঘু অধিকারকে সংকুচিত করে।’’
উল্লেখ্য, রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো এবং পরিচালন ব্যবস্থা নিয়েও সম্প্রতি নানা প্রশ্ন উঠেছে। পড়ুয়া ও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের অভিযোগে প্রায় ২৫০টি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসা বন্ধের পরিকল্পনার কথা সামনে এসেছে। এর আগে ২৫২টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করার খবরও প্রকাশ্যে এসেছে। খারিজি মাদ্রাসা এবং সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসার পরিকাঠামোগত অনিয়ম নিয়েও প্রশাসনিক তৎপরতা চলছে।
এই আবহে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের নির্দেশ নতুন করে বিতর্ক উস্কে দিল। একদিকে শিক্ষাবর্ষের নিয়ম মেনে চলার যুক্তি দেখাচ্ছে পর্ষদ, অন্যদিকে সংখ্যালঘু অধিকার ও দীর্ঘদিনের প্রথার প্রশ্ন তুলছে শিক্ষক সংগঠনগুলি। ফলে নতুন নির্দেশ ঘিরে আগামী দিনে বিরোধ আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর।





