আসানসোল, ২৮ নভেম্বরঃ “আমাকে ফাঁসিয়েছে মুসাফির। লোককে মারার সুপারি দিয়েছিল। মারিনি। তাই ফাঁসিয়ে দিয়েছে।” পুলিশের গুলিতে জখম অবস্থায় স্ট্রেচারে শুয়ে হাসপাতালে যাওয়ার পথে এমনই দাবি করল আসানসোলের সাইবার প্রতারণা মামলায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে আহত হয় সে। তার পায়ে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রতাপ। তবে অভিযুক্তের এই দাবি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, কে এই মুসাফির? কীসের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছে প্রতাপ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত প্রতাপকে ধরতে দীর্ঘদিন ধরেই তল্লাশি চলছিল। এর আগে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই সে পলাতক ছিল বলে দাবি তদন্তকারীদের। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে তার ডেরায় হানা দেন পুলিশকর্মীরা। পুলিশের দাবি, ধরা পড়ার মুখে ফের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করে প্রতাপ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। এর পরেই পুলিশের পাল্টা গুলিতে জখম হয় সে।
প্রতাপের অপরাধের ইতিহাসও দীর্ঘ বলে দাবি পুলিশের। তদন্তকারীদের সূত্রে খবর, কিশোর বয়স থেকেই বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তার নাম জড়িয়েছে। পেট্রল পাম্পে ডাকাতি এবং মদের দোকানে লুটের মতো ঘটনায় অভিযুক্ত হয়েছিল সে। গ্রেফতারের পর জুভেনাইল আদালতেও পাঠানো হয়েছিল তাকে। হোম থেকে ছাড়া পাওয়ার পরেও অপরাধের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ। আসানসোল-দুর্গাপুরের গণ্ডি ছাড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও অপরাধমূলক কাজে তার নাম জড়ানোর অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেননি প্রতাপের মা। তবে তাঁর দাবি, অতীতের অপরাধের জন্য শাস্তি পাওয়ার পর ছেলে নাকি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। তাঁর কথায়, “দোষ তো করেছে। তার শাস্তিও পেয়েছে। জেলও খেটেছে। এখন দীর্ঘদিন কোনও অপরাধ করেনি। ভাল হতে চাইছে। হতে দিচ্ছে না।” মায়ের আরও অভিযোগ, বৃহস্পতিবার বোনকে ফোন করেছিল প্রতাপ। সেই সময় পুলিশ নজরদারি চালাচ্ছিল। আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিল বলেও দাবি তাঁর। শুক্রবার আদালতে যাওয়ার পথেই পুলিশ তাকে ধরে বলে অভিযোগ প্রতাপের মায়ের।
তবে পুলিশের বক্তব্য এবং প্রতাপের পরিবারের দাবি দু’পক্ষের বক্তব্যে স্পষ্ট ফারাক রয়েছে। একদিকে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে গুলি চালিয়ে পালানোর অভিযোগ তুলছে, অন্যদিকে প্রতাপ দাবি করছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই তাকে ফাঁসানো হয়েছে। মুসাফিরের বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা অবশ্য এখনও যাচাই হয়নি। এনকাউন্টারের ঘটনাকে ঘিরে তদন্তের পাশাপাশি প্রতাপের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির দিকেও নজর থাকবে পুলিশের।





