নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ ইন্ডি জোটের অন্দরে যখন ঐক্যের সুর ক্রমশ ফিকে, তখনই নারীশক্তির অংশীদারিত্ব বাড়ানোর প্রশ্নে বিরোধীদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ঘিরে সংসদে বিরোধীদের প্রতিরোধের প্রস্তুতি চলছে। কিন্তু একের পর এক আঞ্চলিক দলের অবস্থান বদলে শাসক শিবিরের অঙ্ক ক্রমশ সহজ হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় মোদীর স্পষ্ট ঘোষণা, দেশের নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেই সরকার। মহিলা সংরক্ষণ কার্যকর করার পথে যে কোনও বাধা সরানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, “বহু দশক ধরে নারীশক্তির অংশীদারিত্ব নিশ্চিত করার লড়াই চলছে। আমিও এই লড়াইয়ের একজন সৈনিক ছিলাম। আমরা মেয়েদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। নারীশক্তিকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করবই।” এরপরই বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, “আমি জানি, দেশের ১০০ শতাংশ মহিলার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। দেশের মহিলাদের আশ্বাস দিচ্ছি, নারীশক্তি বন্দন অধিনিয়মের পথে আসা যাবতীয় বাধা সরিয়ে দেব। মহিলা সংরক্ষণের বিরোধী দলগুলি হাজার চেষ্টা করলেও আটকাতে পারবে না।”
উল্লেখযোগ্য ভাবে, যে দিন দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডি জোটের বৈঠকে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধিতার কৌশল সাজানো হচ্ছে, সে দিনই প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। বিরোধী শিবিরের একাধিক শরিকের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে। ডিএমকে ইতিমধ্যেই ডিলিমিটেশন বিলকে সমর্থনের কথা জানিয়েছে। অন্য দিকে, শরদ পওয়ারের এনসিপির অবস্থান নিয়েও জল্পনা চলছে। ফলে সংসদে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে আসন পুনর্বিন্যাসের বিল পাশ করানো সরকারের কাছে সহজ অঙ্ক নয়। কারণ, সংবিধান সংশোধনের জন্য লোকসভায় শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়, প্রয়োজন দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন। সরবরাহ করা হিসাব অনুযায়ী, লোকসভায় সেই সংখ্যার জন্য প্রয়োজন ৩৬০ জন সাংসদের সমর্থন। এনডিএর হাতে রয়েছে ৩২০টি আসন। ফলে আরও ৪০ জনের সমর্থন জোগাড় করতে হবে। শরদ পওয়ারের শিবিরের আট সাংসদ সমর্থন করলে সংখ্যাটি ৩২৮-এ পৌঁছতে পারে। ডিএমকের সমর্থনও শাসক শিবিরের অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস-সহ কয়েকটি ছোট দলের সমর্থন পাওয়ার আশাও রয়েছে।
অর্থাৎ, মহিলা সংরক্ষণ নিয়ে রাজনৈতিক ভাবে বিরোধীদের আপত্তি যতটা নয়, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক প্রক্রিয়া এবং সংসদে প্রয়োজনীয় সমর্থন। এক দিকে মোদীর নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বার্তা, অন্য দিকে বিরোধী জোটের ভাঙন সব মিলিয়ে সংসদের আসন্ন অধিবেশন ঘিরে উত্তাপ বাড়ছে। বিলের ভবিষ্যৎ নির্ভর করবে শেষ পর্যন্ত সংখ্যার অঙ্ক কোন দিকে দাঁড়ায়, তার উপর।





