নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ ডিলিমিটেশন বিলে সমর্থন দিতে আপত্তি নেই। তবে বিনিময়ে চাই ক্ষমতার অংশীদারিত্ব। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে দিতে হবে সুপ্রিয়া সুলেকে। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্রের সরকারেও চাই একাধিক মন্ত্রিত্ব। এমনই শর্তে মোদী সরকারের সঙ্গে শরদ পওয়ারের এনসিপি (এসপি) দর কষাকষি করছে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সংসদের বিশেষ অধিবেশনের আগে এই জল্পনা ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও দল বা কেন্দ্রের তরফে এমন কোনও সমঝোতার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
শুক্রবার দলের বিধায়ক তথা জাতীয় মুখপাত্র জিতেন্দ্র আওয়াধ জানিয়েছেন, অসুস্থ শরদ পওয়ারের সঙ্গে তাঁর কথা হয়েছে। অন্য দিকে, সুপ্রিয়া সুলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, পুরো বিলের খসড়া না পড়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। অর্থাৎ, ডিলিমিটেশন বিল নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে এনসিপি (এসপি)। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিলের পক্ষে ভোট দেওয়ার বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্র দুই স্তরেই ক্ষমতার ভাগ চাইছে পওয়ারের দল।
কী রয়েছে সেই সম্ভাব্য দাবি তালিকায়? আলোচনার কেন্দ্রে রয়েছেন শরদ পওয়ারের কন্যা তথা দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার দাবি উঠেছে বলে খবর। পাশাপাশি মহারাষ্ট্র সরকারেও দু’টি মন্ত্রিত্ব চাইতে পারে এনসিপি (এসপি)। সেই তালিকায় জয়ন্ত পাটিলের নাম উঠে আসছে। তাঁকে অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। জিতেন্দ্র আওয়াধকেও মন্ত্রিসভায় আনার আলোচনা রয়েছে। এ ছাড়াও আরও দু’টি প্রতিমন্ত্রীর পদ চাওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
তবে সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তুলে ধরছেন শরদ পওয়ার এমন জল্পনা আগেই ছড়িয়েছিল। সেই দাবি নাকচ করেছেন সুপ্রিয়া নিজেই। তাঁর যুক্তি, রাজ্য বিধানসভায় এনসিপির বিধায়ক সংখ্যা মাত্র ১০। ফলে মুখ্যমন্ত্রী পদের দাবি নিয়ে যে আলোচনা চলছে, তা ভিত্তিহীন বলেই জানিয়েছেন তিনি।
এই জল্পনার কেন্দ্রে রয়েছে সংসদের বিশেষ অধিবেশনও। গত জুলাইয়ে শুরু হওয়া বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করেই কেন্দ্র বর্ধিত পর্বের কথা জানিয়েছে। ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার কথা। এই অধিবেশনেই ডিলিমিটেশন বিল আনার প্রস্তুতি চলছে বলে খবর। তার আগে এনসিপির অবস্থান বদল হলে সংসদে সংখ্যার অঙ্কে তার প্রভাব পড়তে পারে।
এনসিপির সম্ভাব্য অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের মহারাষ্ট্র শাখা। এক্স হ্যান্ডলে পোস্ট করে তারা স্মরণ করিয়েছে, ২০২৬ সালের মার্চে রাজ্যসভার নির্বাচনের সময় শরদ পওয়ারকে ফের সংসদে পাঠাতে কংগ্রেস নেতৃত্ব সমর্থন দিয়েছিল। তখন সুপ্রিয়া সুলে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের কাছে সমর্থন চেয়েছিলেন। কংগ্রেসের দাবি, কোনও দ্বিধা ছাড়াই তাঁরা পওয়ারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সহযোগিতার কথা তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে এনসিপির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
সব মিলিয়ে ডিলিমিটেশন বিল ঘিরে শুধু সংসদীয় অঙ্ক নয়, ক্ষমতার সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুপ্রিয়া সুলের মন্ত্রিত্ব কিংবা মহারাষ্ট্রে নতুন মন্ত্রিত্বের দাবি নিয়ে জল্পনা কতটা বাস্তব, তা স্পষ্ট হবে আগামী কয়েক দিনে। আপাতত বিশেষ অধিবেশনের আগে পওয়ারের দলের চূড়ান্ত অবস্থানের দিকেই নজর রাজনৈতিক মহলের।




