আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিশেষ অধিবেশনের আগে শুভেন্দুর সঙ্গে একান্তে শতাব্দী! মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী কথা, সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা

Published on: November 28, 2026
---Advertisement---

কলকাতা, ২৮ নভেম্বরঃ সংসদের বিশেষ অধিবেশনের আগে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠক করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শনিবার দুপুর ১২টা নাগাদ পিডব্লুডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সাংসদের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে, তখন এই বৈঠকের তাৎপর্য নিয়েই প্রশ্ন উঠছে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, শতাব্দী রায় তাঁকে জানিয়েছেন, মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন তাঁরা।

শনিবার আলিপুরের ধনধান্য স্টেডিয়ামের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সাক্ষাতের কথা নিজেই জানান শুভেন্দু। তাঁর কথায়, সাংসদ নিজের লোকসভা কেন্দ্রের একটি কাজ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। সেই কারণেই তাঁর কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাঁকে সময় দেন এবং শনিবার দু’জনের মধ্যে কথা হয়।

শুভেন্দু বলেন, ‘‘ওঁর লোকসভা এলাকায় একটি কাজ রয়েছে। সেটা নিয়ে কথা বলবেন বলেছিলেন। অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন আমার থেকে। আমি দিয়েছিলাম। এসেছিলেন। কথা বললাম। আমি জিজ্ঞাসা করলাম কাকে ভোট দেবেন? বললেন, আমরা মহিলা সংরক্ষণ বিলের পাশে রয়েছি।’’

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে। সেখানে মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের আসন পুনর্বিন্যাসের বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। এই আবহে সংসদে ভোটাভুটির আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের অবস্থান নিয়ে হিসাবনিকাশ শুরু হয়েছে। সূত্রের খবর, বিশেষ অধিবেশনের আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসতে পারেন এনসিপিআই সাংসদরা। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

সেই প্রেক্ষাপটে শতাব্দী ও শুভেন্দুর শনিবারের সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মহিলা সংরক্ষণ বিল নিয়ে সাংসদের অবস্থান জানার পাশাপাশি দিল্লির সম্ভাব্য বৈঠকের আগে কোনও রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল সাংসদের লোকসভা কেন্দ্রের একটি কাজ নিয়ে আলোচনা।

অন্যদিকে, শতাব্দী রায়ের তরফে এই সাক্ষাৎ এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলাদা করে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর নির্ভর করেই আপাতত এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা চলছে।

সংসদের বিশেষ অধিবেশন যত এগিয়ে আসছে, ততই মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস ঘিরে রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হওয়ার অপেক্ষা। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে শতাব্দীর এই একান্ত সাক্ষাৎ নিছক সাংসদীয় এলাকার কাজের আলোচনা, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক অঙ্ক সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

নাবালকের বিয়ে দিলেই বিপাকে পুরোহিত! বাল্যবিবাহ রুখতে এবার কড়া কলকাতা পুলিশ, হতে পারে গ্রেপ্তারও

ভোরে এসআরএফটিআইয়ে পুলিশের অভিযান! ৩০০ পুলিশকর্মী ঢুকে পড়ুয়াদের সরালেন ক্যাম্পাস থেকে, ধস্তাধস্তির অভিযোগে নতুন করে উত্তেজনা

পুলিশের তাড়া, তার পরেই উলটে গেল ইটবোঝাই লরি! ইটের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু, নিমতায় রণক্ষেত্র কল্যাণী এক্সপ্রেসওয়ে

শুক্রবার নয়, এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি রবিবার! অবিলম্বে নির্দেশ কার্যকরের বিজ্ঞপ্তি পর্ষদের, সিদ্ধান্ত ঘিরে বিতর্ক

‘আমাকে ফাঁসিয়েছে মুসাফির’, এনকাউন্টারে জখম প্রতাপের দাবি! পুলিশের গুলিতে আহত সাইবার প্রতারণায় অভিযুক্ত

ডিলিমিটেশন বিল ঘিরে ভাঙনের মুখে ইন্ডি জোট! একে একে সঙ্গী ছাড়ছে হাত, রাহুলদের সামনে ক্রমশ কঠিন হচ্ছে অঙ্ক

Leave a Comment