কলকাতা, ৩১ মেঃ দীর্ঘ ১৩ বছর পর হাওড়া পুরনিগমে নির্বাচনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া এবং বালি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াও শুরু করার কথা ঘোষণা করেছেন তিনি।
উল্লেখ্য, হাওড়া পুরনিগমে শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসকমণ্ডলী বসিয়ে পুরসভার কাজ চলছিল। এই দীর্ঘ সময়ে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি দুর্নীতির অভিযোগও সামনে আসে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের অংশগ্রহণ ছাড়া পুরসভায় সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব নয়।” তিনি জানান, পুরমন্ত্রী সঙ্গে আলোচনা করেই দ্রুত ডিলিমিটেশন ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে।
শুধু নির্বাচন নয়, হাওড়া পুরনিগমে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী জানান, বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট এবং অন্যান্য আর্থিক অনিয়মের তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও পুরনিগমের অস্থায়ী কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, হাওড়া পুরসভায় প্রায় ১৭০০ অস্থায়ী কর্মী রয়েছেন, যার মধ্যে অন্তত ৫০০ জন কোনও কাজ না করেই বেতন নিচ্ছেন। সেই বিষয়েও তদন্ত হবে বলে জানান তিনি। হাওড়া ও বালি পুরভোটের সম্ভাব্য ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।











