আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হস্টেলের খাবার যাচাইয়ে পড়ুয়াদের মুখোমুখি শুভেন্দু, ৩২৪টি আদিবাসী আবাসনে বাদ্যযন্ত্র দেওয়ার নির্দেশ

Published on: November 18, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১৮ নভেম্বরঃ শুধু বরাদ্দ বাড়ালেই দায়িত্ব শেষ নয়, সেই অর্থের সুফল আদৌ পৌঁছচ্ছে কি না, তা যাচাই করতেও যে প্রশাসনকে মাঠে নামতে হবে, সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী আবাসিক পড়ুয়াদের থাকা-খাওয়ার খরচ বাড়ানোর পর এ বার হস্টেলের খাবারের গুণগত মান ও পরিমাণ সরাসরি পড়ুয়াদের কাছ থেকে জানতে চাইলেন তিনি। আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে লোকনাথপুর গার্লস হস্টেল পরিদর্শন দুই ক্ষেত্রেই পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই আদিবাসী উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আসছে নতুন সরকার। হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার অনুষ্ঠানে আদিবাসী হস্টেলে থাকা পড়ুয়াদের মাসিক থাকা-খাওয়ার ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন শুভেন্দু। আগে মাথাপিছু মাসে ১৮০০ টাকা বরাদ্দ ছিল। তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়। আগস্ট মাস থেকে বর্ধিত বরাদ্দ কার্যকর হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

কিন্তু বরাদ্দ বাড়লেই যে পড়ুয়াদের খাবারের মান ও পরিমাণ নিশ্চিত হবে, তার নিশ্চয়তা নেই। সেই বিষয়টি খতিয়ে দেখতেই এ দিনের প্রশাসনিক বৈঠকে হস্টেল কর্তৃপক্ষের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে ডেকে খাবারের পরিমাণ এবং গুণগত মান সম্পর্কে জানতে চান তিনি। পড়ুয়ারা সব প্রশ্নের উত্তর ইতিবাচক ভাবে দেওয়ার পর খানিক হেসে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে না তো?” তাঁর এই মন্তব্যে বৈঠকের পরিবেশও কিছুটা হালকা হয়ে ওঠে। তবে হস্টেল কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দেন, পড়ুয়াদের খাবারের মান নিয়ে কোনও আপস বরদাস্ত করা হবে না।

এ দিন লোকনাথপুর গার্লস হস্টেলের ওয়ার্ডেনদের কাছ থেকেও আবাসনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শুভেন্দু। পরে নিজে হস্টেল ঘুরে দেখেন। শয়নকক্ষ থেকে খাবার ঘর বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

শুধু খাবার বা আবাসনের পরিকাঠামো নয়, পড়ুয়াদের সাংস্কৃতিক চর্চার দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে একটি হস্টেলের আবাসিকেরা আদিবাসী ভাষায় সমবেত গান শোনান তাঁকে। তাঁদের গানের প্রশংসা করে রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলে বাদ্যযন্ত্র পাঠানোর নির্দেশ দেন শুভেন্দু। হারমোনিয়াম-সহ প্রয়োজনীয় বাদ্যযন্ত্র দেওয়ার কথাও জানান তিনি।

প্রশাসনিক বৈঠক থেকে হস্টেল পরিদর্শন, পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথোপকথন থেকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহ সব মিলিয়ে আদিবাসী আবাসিকদের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক বিষয়ে নজর দিল রাজ্য সরকার। তবে বাড়তি বরাদ্দের সুফল কতটা নিয়মিত ভাবে পড়ুয়াদের কাছে পৌঁছয়, তা নির্ভর করবে আগামী দিনে নজরদারি ও বাস্তবায়নের উপর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি গণতান্ত্রিক তৃণমূলের বিধায়কের

দেশে ফিরলেন ‘পলাতক’ টুলু মণ্ডল, আপাতত কলকাতাতেই থাকার সিদ্ধান্ত! তদন্তকারীরা ডাকলেই ২৪ ঘণ্টায় হাজিরার আশ্বাস

৫৮ লক্ষের ঋণখেলাপি! নন্দীগ্রামে শেখ সুফিয়ানের ‘জাহাজবাড়ি’তে প্রতীকী দখল কাঁথি সমবায় ব্যাঙ্কের

বুলডোজার চলবে দাউদের পৈতৃক বাড়িতে! ১৮-১৯ নভেম্বর ভাঙার তোড়জোড়, মসজিদ নিয়েও বাড়ছে বিতর্ক

‘দলের অন্দরেই এসআইআর দরকার’, প্রলয় পালের পোস্টে অস্বস্তিতে বঙ্গ বিজেপি! পুরনো বনাম নব্য দ্বন্দ্বে বাড়ছে চাপ

‘সোনিয়ার স্মৃতিকথায় অসত্যের ছায়া, প্রণবকে ঘিরে বিদ্বেষ’, প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কে এবার সরব সুখেন্দুশেখর

Leave a Comment