নন্দীগ্রাম, ১৮ নভেম্বরঃ নন্দীগ্রামের রাজনীতিতে এক সময় যথেষ্ট প্রভাবশালী নাম শেখ সুফিয়ান। জমি আন্দোলন থেকে বিধানসভা নির্বাচন, একাধিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী এই তৃণমূল নেতা। এ বার সেই শেখ সুফিয়ানের ‘জাহাজবাড়ি’ ঘিরেই নতুন করে চর্চা শুরু হল পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে। প্রায় ৫৮ লক্ষ টাকার ঋণ বকেয়া থাকার অভিযোগে তাঁর বাড়িতে প্রতীকী দখলের নোটিস সাঁটিয়ে দিল কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ক। মঙ্গলবার ব্যাঙ্কের আধিকারিকেরা বাড়িতে গিয়ে এই পদক্ষেপ করেন।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, শেখ সুফিয়ানের কাছে মোট ৫৮ লক্ষ ১৬ হাজার ৭৪৩ টাকা পাওনা রয়েছে। বাড়ি তৈরির জন্য নেওয়া ঋণ এবং ট্রলার কেনার জন্য নেওয়া ঋণ এই দুই ক্ষেত্রেই টাকা বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ। গত ১২ অগস্ট ঋণ পরিশোধের দাবিতে তাঁকে ডিমান্ড নোটিস পাঠিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই নোটিস গ্রহণ করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া টাকা জমা পড়েনি বলে দাবি ব্যাঙ্কের। তার পরেই নিয়ম মেনে প্রতীকী দখলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ব্যাঙ্কের সিইও অ্যাপোলো আলির বক্তব্য, শেখ সুফিয়ান দু’টি ঋণ নিয়েছিলেন। একটি হাউস বিল্ডিংয়ের জন্য, অন্যটি ট্রলার কেনার জন্য। বাড়ি তৈরির ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা এবং ট্রলার কেনার জন্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল। ট্রলার ঋণের কিছুটা পরিশোধ করা হলেও দুই ঋণ মিলিয়ে এখনও প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যাঙ্কের পাওনা রয়েছে। তাঁর দাবি, দু’টি ঋণের ক্ষেত্রেই ঋণখেলাপির পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত নিয়ম মেনে বাড়িতে প্রতীকী দখলের নোটিস লাগানো হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী বাড়ির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে শেখ সুফিয়ানের নাম ওতপ্রোত ভাবে জড়িত। ২০০৭ সালের জমি আন্দোলনের সময় নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সেই সময়ের আন্দোলন ঘিরে একাধিক মামলা এখনও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে। সুফিয়ানের পাশাপাশি সাহাবুদ্দিন ও মিলন প্রধানের নামও বিভিন্ন মামলার সূত্রে উঠে এসেছে।
এর আগে নন্দীগ্রামের উপনির্বাচনের আগে শেখ সুফিয়ানের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। একই ঘটনায় কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সাহাবুদ্দিনের বাড়িতেও পৌঁছেছিলেন তদন্তকারীরা। ২০০৭ সালের জমি আন্দোলনের সময়কার খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার হয়েছিলেন। সেই সময় সুফিয়ানের বাড়িতেও তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল।
এ বার অবশ্য রাজনৈতিক বা ফৌজদারি মামলার কারণে নয়, ব্যাঙ্কের ঋণ আদায়ের প্রক্রিয়ায় খবরের শিরোনামে এল তাঁর বাড়ি। এক সময়ের রাজনৈতিক প্রভাবশালী নেতার ‘জাহাজবাড়ি’তে ব্যাঙ্কের প্রতীকী দখলের নোটিস ঘিরে নন্দীগ্রামে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে বাড়ির প্রকৃত দখল নেওয়ার ক্ষেত্রে পরবর্তী সময়ে কী আইনি পদক্ষেপ করা হয়, এখন সে দিকেই নজর।





