কলকাতা, ১৮ নভেম্বরঃ রাজ্যে অপরাধ দমনে পুলিশের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে এ বার প্রকাশ্যেই এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তা-ই নয়, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাতের ধাঁচে গড়ে তোলার কথাও বললেন তিনি। তাঁর মন্তব্য, যাঁদের এই অবস্থান পছন্দ নয়, তাঁরা বাংলাদেশে চলে যেতে পারেন। মন্ত্রীর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে।
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রায় ছ’মাস কেটেছে। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পুলিশের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, অপরাধ দমনের ক্ষেত্রে বিচারবিভাগীয় প্রক্রিয়ার উপর আস্থা না রেখে এনকাউন্টারকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বুধবার দিলীপের বক্তব্য, প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ করা হবে।
মন্ত্রী বলেন, “প্রয়োজন হলে আরও অনেক কিছুই হবে। শুধু এনকাউন্টার কেন? বুলডোজার চলছে কি না? পুরো সমাজ, রাজনীতির অপরাধীকরণ হয়ে গেছে। তাকে ঠিকঠাক করতে আইন কাজ করছে, পুলিশ কাজ করছে।” তাঁর দাবি, দেশের বিভিন্ন রাজ্যে এবং বিশ্বের নানা প্রান্তে এনকাউন্টারের ঘটনা ঘটে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে সাহসের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দিলীপের কথায়, “যাদের কব্জির জোর নেই তারা করে না। তারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে। আমাদের সরকার তা করবে না।”
পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশের পথে নিয়ে যাওয়া হচ্ছে বলে সমাজমাধ্যমে যে সমালোচনা চলছে, সেই প্রসঙ্গেও সরাসরি প্রতিক্রিয়া জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের ধাঁচে রাজ্য চালাতে আপত্তির কারণ নেই। বরং যাঁদের তা পছন্দ নয়, তাঁদের অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। দিলীপ বলেন, “বাংলাদেশ হলে আপত্তি ছিল না, ইউপি হলে কী অসুবিধা? যার অসুবিধা হচ্ছে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দিচ্ছি। দরজা খুলে দেব। যার অসুবিধা হচ্ছে বাংলায় থাকতে, সে বাংলাদেশে চলে যাক। ইউপি করব, গুজরাত করব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক!”
দিলীপের এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে বিজেপির বিরুদ্ধে ‘বাংলা-বাঙালি বিরোধী’ তকমা দিয়ে প্রচার চালিয়ে এসেছে তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও সেই রাজনৈতিক আখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে ২০২৬ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর বিজেপি সরকারের নীতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিতর্ক অব্যাহত।
এ বার এনকাউন্টার, বুলডোজার অভিযান এবং উত্তরপ্রদেশ-গুজরাতের মডেল প্রসঙ্গে দিলীপের মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতার প্রশ্নের পাশাপাশি রাজ্যের নিজস্ব পরিচয় ও প্রশাসনিক নীতি নিয়েও রাজনৈতিক চাপানউতোর বাড়ার ইঙ্গিত মিলছে।





