বীরভূম, ৩১ জুলাইঃ একটা বিয়ে। কিন্তু তাকে ঘিরে আলোচনা থামেনি আজও। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মেয়ের বিয়ে যেন জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যজুড়ে কৌতূহলের বিষয় হয়ে উঠেছিল। স্থানীয়দের একাংশের দাবি, সেই বিয়ের আয়োজনেই খরচ হয়েছিল প্রায় ১৫০ কোটি টাকা। সরকারি ভাবে এই অঙ্কের কোনও নিশ্চিত তথ্য না মিললেও, আয়োজনের জাঁকজমক দেখে এমনই আলোচনা ছড়িয়ে পড়েছিল সর্বত্র।
টুলুর মেয়ের বিয়ে হয়েছিল উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্রের অন্যতম নাম হিসেবে অতীতে বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল তদন্তে। ২০২১ সালে তাঁর বাড়িতে কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি চালায়। পরে ২০২৩ সালে রাজ্যের সিআইডি তাঁকে গ্রেপ্তার করে। কয়েক মাস জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
তবে সেই সব বিতর্ককে ছাপিয়ে বিয়ের আয়োজনই হয়ে ওঠে মূল আকর্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও বলিউডের একাধিক তারকা। অভিনেতা অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, আরবাজ খান, জারিন খান, আসরানি, আফতাব শিবদাসানি-সহ বহু পরিচিত মুখকে দেখা যায় বিয়ের আসরে। জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের লাইভ পারফরম্যান্স অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। বিয়ের আগেই বহু তারকার শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় উৎসাহ আরও বেড়ে যায়।
শুধু চলচ্চিত্র জগত নয়, ব্যবসা, প্রশাসন এবং রাজনৈতিক মহলের বহু প্রভাবশালী ব্যক্তিত্বও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। গোটা অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া। অতিথিদের প্রবেশের জন্য বিশেষ রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল। বাইরে থেকে আনা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা পুরো আয়োজনের দায়িত্বে ছিল।
চোখধাঁধানো প্যান্ডেলটি তৈরি হয়েছিল রাজপ্রাসাদের আদলে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই অস্থায়ী কাঠামোয় ছিল আধুনিক আলোকসজ্জা, বিশেষ অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা এবং বিলাসবহুল সাজসজ্জা। অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল প্রায় ৩০টি স্থায়ী শৌচালয়। খাবারের তালিকায় ছিল প্রায় ৭০ ধরনের দেশি-বিদেশি পদ।
এই নজিরবিহীন আয়োজনের পর থেকেই জেলার একাংশের মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে নতুন এক নাম ‘বীরভূমের আম্বানি’। টুলু মণ্ডলের আর্থিক সামর্থ্য, প্রভাব এবং সেই রাজকীয় বিয়ের স্মৃতি আজও বীরভূমের চায়ের আড্ডা থেকে সামাজিক মাধ্যমে সমানভাবে আলোচনার বিষয় হয়ে রয়েছে।





