কলকাতা, ১৭ নভেম্বরঃ ছেলের খুনের বিচার পেতে বয়সের ভারও বাধা হয়ে দাঁড়াল না। অ্যাম্বুল্যান্সে করে বৃদ্ধা মাকে আদালতে নিয়ে এল সিবিআই। সেখানে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় নিহত বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় ৩৮ জন অভিযুক্তের মধ্যে ১৯ জনকে শনাক্ত করলেন তিনি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে এই মামলায় দ্বিতীয় চার্জশিটও পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই খুন হন অভিজিৎ। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল তদন্তের দায়িত্ব। কিন্তু পুলিশের তদন্তে আস্থা নেই বলে অভিযোগ করে অভিজিতের পরিবার। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
তদন্তে নেমে গত জুলাই মাসে প্রথম চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে ১৯ জনের নাম ছিল। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বেলেঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। এ ছাড়াও রয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভজিৎ সেন, তৎকালীন সাব-ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ।
এ বার দ্বিতীয় চার্জশিটে আরও ১৯ জনের নাম যুক্ত করেছে সিবিআই। সব মিলিয়ে অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮। মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল কাউন্সিলর পাপিয়া ঘোষ। এ দিনই অভিযুক্তদের শনাক্তকরণের প্রক্রিয়ায় অংশ নেন অভিজিতের মা। তাঁদের মধ্যে ১৯ জনকে তিনি শনাক্ত করেছেন বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বেলেঘাটার বর্তমান বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ‘‘এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের কঠিন শাস্তি হোক। যে দলেরই কর্মী হোক, খুন হবে কেন? আইন অনুযায়ী, খুনের জন্য সর্বোচ্চ যে শাস্তির কথা বলা হয়েছে, সেই শাস্তি যেন হয়।’’ ভোট-পরবর্তী হিংসার এই মামলায় দ্বিতীয় চার্জশিট এবং শনাক্তকরণ প্রক্রিয়ার পর বিচার কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।





