দিনহাটা, ২০ জুনঃ প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের গ্রেপ্তারের পর এবার আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে সরব হল দিনহাটা বার অ্যাসোসিয়েশন। সামাজিক মাধ্যমে আইনজীবীদের উদ্দেশে হুমকি ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার দিনহাটা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। একইসঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন আইনজীবীরা। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার দিনহাটা বার অ্যাসোসিয়েশনে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী অজিত কুমার দাস, নিহার রঞ্জন গুপ্ত, রতন কানু, মাসুদ হাসান-সহ একাধিক সদস্য। তাঁদের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার পর কিছু ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক মাধ্যমে এমন ধরনের পোস্ট ও মন্তব্য করছেন, যা সরাসরি আইনজীবীদের হুমকি দেওয়ার শামিল। শুধু ব্যক্তিগত আক্রমণই নয়, পেশাগত দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আইনজীবীদের বক্তব্য, আদালতে কোনও অভিযুক্ত, রাজনৈতিক নেতা বা সাধারণ মানুষ যেই হোন না কেন, তিনি যদি আইনি সহায়তা চান, তবে সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকেই তাঁর পক্ষে সওয়াল করা একজন আইনজীবীর দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের বিরুদ্ধে হুমকি, কুৎসা বা ভয় দেখানোর চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের মতে, বিষয়টি শুধুমাত্র কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং বিচারব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া এবং আইনজীবীদের পেশাগত স্বাধীনতার উপরও সরাসরি আঘাত।
এদিন সাংবাদিক বৈঠকে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সামাজিক মাধ্যমে চলা তথাকথিত ‘থ্রেড কালচার’-এর বিরুদ্ধেও সরব হন। তাঁদের অভিযোগ, বর্তমানে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে ব্যক্তি ও পেশাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার, ট্রোলিং এবং ভয় দেখানোর প্রবণতা বাড়ছে। এই সংস্কৃতি গণতান্ত্রিক পরিসর এবং আইনি ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মত আইনজীবীদের একাংশের। তাই আইনজীবীদের নিরাপত্তা, সম্মান এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
দিনহাটা থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বার অ্যাসোসিয়েশনের এই অভিযোগকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উদয়ন গুহ গ্রেপ্তারি-পরবর্তী পরিস্থিতিতে এই হুমকির অভিযোগ আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দেয় কি না, এখন সেদিকেই নজর সকলের।











