শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ। গুয়াহাটি থেকে ট্রেনে চেপে হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে আটক হলেন এক বাংলাদেশি মহিলা। বৃহস্পতিবার জিআরপির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। ধৃতের পরিচয় ও ভারতে প্রবেশের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ওদেরা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
তদন্তকারীরা জানিয়েছেন, গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লি এক্সপ্রেসের সাধারণ কামরায় উঠে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই মহিলা। তাঁর গতিবিধি ও পরিচয় সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল আধিকারিকদের কাছে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই তল্লাশি শুরু হয়। এরপর ট্রেনের সাধারণ কামরা থেকে তাঁকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্তবর্তী রুট ব্যবহার করে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর গুয়াহাটি পৌঁছে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে কী কারণে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, হায়দরাবাদে যাওয়ার পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর সীমান্ত পার হওয়ার পথ, যাতায়াতের পরিকল্পনা এবং এই ঘটনায় অন্য কারও যোগ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এনজেপি স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলপথে সীমান্ত পেরিয়ে যাতায়াতের অভিযোগ সামনে আসায় স্টেশনগুলিতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।





