দার্জিলিং, ২০ নভেম্বরঃ পাহাড়ের উন্নয়ন এবং দীর্ঘদিনের একাধিক সমস্যা নিয়ে ফের নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শুক্রবারের এই সাক্ষাতে উপস্থিত ছিলেন মোর্চার নেতা রোশন গিরি, দার্জিলিঙের বিধায়ক নোমান রাই এবং কালিম্পংয়ের তোপডেন ভুটিয়া। দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন জনস্বার্থের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের সার্বিক উন্নয়নে জোর দেওয়ার কথা বলে আসছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি পাহাড়ে এইমস এবং ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের বৈঠকে সেই উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দীর্ঘদিনের প্রশাসনিক ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ‘ফরাস’ বন্দোবস্ত এবং ডিআই তহবিলের মতো বিষয়গুলি তুলে ধরেন বিমল গুরুংরা। পাশাপাশি জিটিএ-র পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন বিভাগে কর্মরত ১৩৬ জন স্বেচ্ছাসেবক শিক্ষকের সমস্যা নিয়েও সরব হন তাঁরা। গোর্খাল্যান্ড পার্সোনেল সদস্যদের কর্মসংস্থান এবং শহিদ পরিবারের সদস্যদের জন্য সরকারি সহায়তার দাবিও জানানো হয়।
শুধু কর্মসংস্থান বা প্রশাসনিক সমস্যাই নয়, পাহাড়ের পরিকাঠামো ও সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দার্জিলিঙে ‘জল জীবন মিশন’ এবং ‘অমৃত যোজনা’ প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে প্রতিনিধি দল। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিভুক্ত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যাও বৈঠকে তুলে ধরা হয়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমল গুরুং ও রোশন গিরি। সেপ্টেম্বর মাসেও নবান্নে শুভেন্দুর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। তার আগে জুলাইয়ের শেষ দিকে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মোর্চা নেতৃত্ব। কয়েক মাসের ব্যবধানে ফের এই সাক্ষাৎ ঘিরে পাহাড়ের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





