কোচবিহার, ২০ নভেম্বরঃ ফের পথ দুর্ঘটনা কোচবিহারে। এবার কোতোয়ালি থানার অন্তর্গত তল্লিগুড়ি এলাকায় একটি ছোট চারচাকা মারুতি গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মোটরবাইক চালকের নাম কুশ দাস। তিনি বক্সিরহাট থানার বড়কোদালি এলাকার বাসিন্দা। তল্লিগুড়ি এলাকায় যাওয়ার সময় তাঁর মোটরবাইকের সঙ্গে একটি ছোট চারচাকা মারুতি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গুরুতর জখম হন কুশ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। কী কারণে এই সংঘর্ষ ঘটল, গাড়ি ও বাইক দু’টি কোন দিক থেকে আসছিল এবং দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





