কোচবিহার, ২৩ মেঃ কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী-র ১০৭তম শুভ জন্মদিন উপলক্ষে শুক্রবার কোচবিহারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল আস্থা ফাউন্ডেশন। কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারের সামনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা, স্থানীয় বাসিন্দা ও পথচলতি বহু মানুষ।
অনুষ্ঠানের শুরুতে রাজমাতা গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ এবং ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছোট থেকে বড় সকল বয়সের মানুষই এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন। পথচলতি সাধারণ মানুষও থেমে গিয়ে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুরো পরিবেশজুড়ে ছিল এক আবেগঘন ও শ্রদ্ধাময় আবহ।
শুধু জন্মদিন পালন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরে আস্থা ফাউন্ডেশন। রাজমাতার জন্মদিন উপলক্ষে এলাকার মানুষ ও পথচলতি ব্যক্তিদের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কয়েক বছর ধরেই তারা রাজমাতা গায়ত্রী দেবীর জন্মদিন পালন করে আসছেন। তাঁদের মতে, গায়ত্রী দেবী শুধু রাজপরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন রুচি, সংস্কৃতি ও মানবিকতার প্রতীক।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার এবং ‘বাইক অক্সিজেন ম্যান’ নামে পরিচিত শংকর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য ও বহু সাধারণ মানুষ। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।




