মালদা, ১০ মার্চঃ ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কের আবহে মালদা শহরে পথে নামলেন সাধারণ নাগরিকরা। মঙ্গলবার ‘নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চ’-এর ব্যানারে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে এগিয়ে যায়।
মিছিলকারীদের মূল দাবি ছিল, কোনও ভোটারকে ‘বিচারাধীন’ অবস্থায় রাখা যাবে না এবং খসড়া ভোটার তালিকা অনুযায়ী প্রত্যেক নাগরিককে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের সদস্য মাজিদুর রহমান।
মাজিদুর রহমান অভিযোগ করেন, জেলার বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। তাঁর দাবি, কোনও সুনির্দিষ্ট কারণ না দেখিয়েই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার অনেক মানুষকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, “মালদার বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। কোনও কারণ না দেখিয়ে অনেকের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে। আবার অনেককে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের দাবি, খসড়া ভোটার তালিকা অনুযায়ী সকল যোগ্য নাগরিককে ভোটাধিকার দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন আন্দোলনকারীরা।
মিছিলে অংশগ্রহণকারী মুজিবর রহমান বলেন, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই এই বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই তারা রাস্তায় নেমেছেন।
মিছিল শেষে আন্দোলনকারীরা মালদার জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেন। তাঁদের দাবি, প্রশাসন যেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে এবং যাঁদের নাম বাদ পড়েছে বা বিচারাধীন তালিকায় রয়েছে, তাঁদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।





