নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ অন্ধ্রপ্রদেশের ২০২৪ সালের নির্বাচনে-কে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। মাঝরাত পেরোনোর পর বিপুল সংখ্যক ভোট পড়ার অভিযোগ তুলে সরব হলেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর-সহ একাধিক বিশেষজ্ঞ। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তাঁরা দাবি করেন, ভোটগ্রহণের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিপুল সংখ্যক ভোট রেকর্ড হয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক।
পরাকলা প্রভাকরের দাবি, ওই নির্বাচনে রাত ১১টা ৪৫ থেকে ভোর ২টো পর্যন্ত মোট ভোটের ৪.১৬ শতাংশ পড়ে। শুধুমাত্র মাঝরাতের পরই প্রায় ১৭ লক্ষ ভোট পড়েছে বলে অভিযোগ। তাঁর আরও দাবি, রাত ৮টা থেকে ভোর ২টো পর্যন্ত প্রায় ৫২ লক্ষ ভোট পড়েছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হিসেবে তিনি জানান, কিছু ক্ষেত্রে মাত্র ৬ সেকেন্ডে একাধিক ভোট পড়েছে। তাঁর প্রশ্ন, একটি ইভিএম রিসেট হতে যেখানে প্রায় ১৪ সেকেন্ড সময় লাগে, সেখানে এত কম সময়ে কীভাবে ভোটগ্রহণ সম্ভব? বাস্তবে একজন ভোটার কি এত কম সময়ে বুথে ঢুকে ভোট দিয়ে বেরতে পারেন সেই প্রশ্নই তুলেছেন তিনি।
এই প্রসঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণ নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন করেন, কেন প্রতিটি বুথের ভোটের বিস্তারিত তথ্য সম্বলিত ফর্ম ১৭সি প্রকাশ করা হয়নি। পাশাপাশি ডিজিটাল ফরম্যাটে তথ্য না দেওয়াতেও আপত্তি জানান।
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস. ওয়াই. কুরাইশি নির্বাচনী নথির পূর্ণাঙ্গ অডিটের দাবি করেছেন। তাঁর মতে, ফর্ম ১৭সি ও ফর্ম ২০-র তথ্য প্রকাশ্যে এনে যাচাই করা জরুরি।
এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।





