মাথাভাঙ্গা, ৬ অক্টোবরঃ মঙ্গলবার সরোজ মুখার্জি ভবনের সামনে থেকে মিছিলের সূচনা হয়। বামপন্থী দলগুলির নেতা, কর্মী ও সমর্থকেরা মিছিলে অংশ নেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছয় কলেজ মোড়ে। সেখানে কিছু সময় অবস্থানের পর ফের সরোজ মুখার্জি ভবনের সামনে এসে মিছিল শেষ হয়।
মিছিল থেকে একাধিক দাবিতে সরব হন বাম কর্মী-সমর্থকেরা। তাঁদের অন্যতম দাবি, অবিলম্বে SIR প্রক্রিয়া বাতিল করতে হবে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বাদ পড়েছেন, তাঁদের নাম দ্রুত তালিকায় ফেরানোর দাবি তোলা হয়।
এ ছাড়াও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিছিলকারীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও সামনে আনা হয়েছে। মিছিল থেকে আরও বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক দাবিতে সরব হন তাঁরা।
কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মকসেদুল ইসলাম বলেন, ‘‘SIR প্রক্রিয়া বাতিল করতে হবে। যাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনের পদ থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা-সহ আরও বেশ কিছু দাবিতে এ দিনের মিছিল।’’
SIR-কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলি ধারাবাহিক ভাবে সরব। সেই আবহেই মাথাভাঙার মতো মফস্সল শহরেও একই ইস্যুতে পথে নামল বামেদের যৌথ মঞ্চ।
স্থানীয় রাজনীতিতে এই কর্মসূচির তাৎপর্যও কম নয়। ভোটার তালিকা ও নাগরিক অধিকার সংক্রান্ত প্রশ্নকে সামনে রেখে বামেরা ফের জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আগামী দিনে এই ইস্যুতে আরও কর্মসূচি হয় কি না, এখন নজর সেদিকেই।





