মনিরুল হক, কোচবিহার: রাজতন্ত্রের অবসান হয়েছে। রাজপ্রাসাদের ক্ষমতা আজ ইতিহাস। কিন্তু মহারাজাদের আমলে গড়ে ওঠা ঐতিহ্য আর সম্প্রীতির পরম্পরা আজও অমলিন কোচবিহারে। হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য নিদর্শন এখানকার রাসচক্র। যে চক্র তৈরির দায়িত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে আসছে একটি মুসলিম পরিবার। সেই চক্র ঘোরানোর মধ্য দিয়েই প্রতি বছর সূচনা হয় মদনমোহন দেবের রাস উৎসবের। মঙ্গলবার রাস পূর্ণিমায় ফের সেই ঐতিহ্যের সাক্ষী থাকতে চলেছে রাজকীয় শহর।
রাজা নেই, রাজতন্ত্র নেই।তবু রাজ আমলের প্রথা মেনেই পুজো ও যজ্ঞের মাধ্যমে শুরু হবে রাস উৎসবের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী, রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি। এক সময়ে এই দায়িত্ব পালন করতেন কোচবিহারের মহারাজারা। রাজতন্ত্রের অবসানের পর সেই প্রথা বজায় রেখেছে দেবত্র ট্রাস্ট বোর্ড। সময়ের সঙ্গে দায়িত্বের হাতবদল হলেও বদলায়নি ঐতিহ্য।
মদনমোহনবাড়ির রাজপুরোহিত শিবকুমার চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। নিত্যপুজোর পর সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ নিয়ম মেনে সম্পন্ন হবে ‘পসার ভাঙা’ পর্ব। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে বিশেষ রাসপুজো। তার পর রাত ৮টা নাগাদ রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করা হবে।
দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে খবর, পসার ভাঙার বিশেষ রীতিটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।পরম্পরা মেনে ওড়িশার এক ব্রাহ্মণ পরিবারের সদস্য এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। রাসচক্র ঘোরানোর পর কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হবে মদনমোহনবাড়ির পূর্বদিকের গেট। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বরে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। আগামী ১৫ দিন ধরে মন্দির প্রাঙ্গণে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। কীর্তন, যাত্রাপালা, ভাওয়াইয়া সঙ্গীত ও ভাগবত পাঠে মুখর হয়ে উঠবে মদনমোহনবাড়ি।
কোচবিহারের রাজপরিবারের কুলদেবতা মদনমোহন। ১৮৯০ সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের আমলে প্রতিষ্ঠিত হয় মদনমোহন মন্দির। রাজপ্রাসাদ থেকে দেবতাকে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার পর থেকেই রাস উৎসব কোচবিহারের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ রাসচক্র। দীর্ঘদিন ধরে চক্র তৈরির দায়িত্ব পালন করেছেন আলতাফ মিঞা। তাঁর মৃত্যুর পর সেই দায়িত্ব সামলাচ্ছেন ছেলে আমিনুর মিঞা। বংশপরম্পরায় চলে আসা এই কাজের মধ্যে দিয়ে ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। রাসচক্রের গায়ে বিভিন্ন ধর্মীয় প্রতীক যেন সেই ঐক্যেরই প্রতিচ্ছবি। চক্র ঘোরাতে প্রতিবছর অগণিত ভক্তের সমাগম হয়।
অন্যদিকে, রাস উৎসবকে কেন্দ্র করে বুধবার থেকে শুরু হচ্ছে ২১৪তম কোচবিহার রাসমেলা। কোচবিহার পুরসভার উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহারাজাদের ভেটাগুড়িতে থাকার সময় থেকেই এই মেলার সূচনা বলে জানা যায়। কয়েকশো দোকান, নাগরদোলা, সার্কাস এবং নানা বিনোদনের আয়োজন নিয়ে ১৫দিন ধরে জমজমাট থাকবে মেলা প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও ব্যবসায়ীরা আসেন পসরা নিয়ে।
ধর্মীয় আবেগের পাশাপাশি এই মেলার অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম। দুর্গাপুজো ও দীপাবলির পর স্থানীয় ব্যবসায়ীরা রাসমেলার অপেক্ষায় থাকেন। মেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা হয়। পর্যটকদের ভিড়ে হোটেলগুলিতেও জায়গার সংকট দেখা দেয়।
রাজবাড়ির ইতিহাস, মদনমোহনের আরাধনা, আমিনুর মিঞার হাতে তৈরি রাসচক্র এবং হাজার হাজার মানুষের মিলনমেলা সব মিলিয়ে কোচবিহারের রাস উৎসব আজ সম্প্রীতির এক জীবন্ত দলিল। রাজা নেই, রাজতন্ত্র নেই, কিন্তু রাসচক্রের ঘূর্ণনে আজও অটুট মহারাজাদের আমলের সেই উদার ঐতিহ্য। যে ঐতিহ্য বারবার মনে করিয়ে দেয়, ধর্মের পরিচয় আলাদা হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ সকলের।





