দিনহাটা, ২৪ নভেম্বরঃ ১৬তম অর্থ কমিশনের অর্থায়নে সাহেবগঞ্জে শুরু হল রাস্তা নির্মাণের কাজ। এই কাজের শুভ সূচনা উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক জিবেশ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাস্তা নির্মাণের গুণগত মান নিয়ে বিশেষভাবে সরব হন তিনি। সংশ্লিষ্ট ঠিকাদারকে স্পষ্ট বার্তা দিয়ে জিবেশ চন্দ্র বিশ্বাস জানান, রাস্তা নির্মাণের কাজে কোনও ধরনের কারচুপি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।
সরকারি নথিতে নির্ধারিত মাপ অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি নির্মাণকাজে নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার করার নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, সরকারি প্রকল্পের কাজে কোনওরকম গাফিলতি মেনে নেওয়া হবে না।
১০০ শতাংশ স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখেই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে বলে ঠিকাদারকে সতর্ক করেন বিজেপির এই জেলা সম্পাদক।
সরকারি প্রকল্পের অর্থ যাতে সঠিকভাবে কাজে লাগে এবং সাধারণ মানুষ যাতে উন্নতমানের রাস্তা পান, সেই বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেন জিবেশ চন্দ্র বিশ্বাস।





