মহারাষ্ট্র, ১২ ডিসেম্বর: থেমে গেল নয় দশকের পথচলা। প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বরিষ্ঠ কংগ্রেস নেতা শিবরাজ পাতিল চাকুরকর। শুক্রবার ভোর সাড়ে ৬টা নাগাদ লাতুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পাতিল।
তাঁর মৃত্যুসংবাদে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাষ্ট্রপতি এক্স পোস্টে লেখেন, “শিবরাজ পাতিলজির মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট জননেতাকে হারালাম। লোকসভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল বহু গুরুত্বপূর্ণ পদে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “অত্যন্ত অভিজ্ঞ ও অধ্যয়নশীল নেতা ছিলেন পাতিলজি। জনকল্যাণে তাঁর নিষ্ঠা স্মরণীয়। কয়েক মাস আগেই আমার বাসভবনে এসে কথা বলেছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত।”
রাহুল গান্ধিও লিখেছেন, “দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জনসেবামূলক জীবন সবসময় অনুপ্রেরণা দেবে।”
উল্লেখ্য, ১৯৩৫ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া পাতিলের রাজনৈতিক যাত্রা শুরু লাতুর পৌর পরিষদের প্রধান হিসেবে। ৭০-এর দশকে বিধায়ক নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে লাতুর লোকসভা আসন থেকে সাতবার জয়লাভ করেন। ২০০৪-এ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন এবং ২০০৮-এর মুম্বই জঙ্গি হামলার সময় দফতরের দায়িত্ব সামলান। হামলার পর নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেন। এর আগে ১৯৯১–৯৬ সালে তিনি লোকসভার দশম স্পিকার ছিলেন। পরে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
দলীয় সহকর্মীরা জানান, পাতিল ছিলেন মৃদুভাষী, গভীর অধ্যয়নশীল ও অত্যন্ত শিষ্টাচারপরায়ণ নেতা। সাংবিধানিক বিষয়ে তাঁর জ্ঞান তাঁকে ভারতের অন্যতম সম্মানিত সংসদ সদস্যদের তালিকায় স্থান দিয়েছিল। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।





