কলকাতা, ১২ নভেম্বরঃ শরীর সঙ্গ দিচ্ছিল না। হাসপাতালের বিছানায় শুয়ে চলছিল চিকিৎসা। তবু মন পড়ে ছিল দলের কাজে। কখনও ফোন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া, কখনও নথিপত্র তৈরির অগ্রগতি জানতে চাওয়া অসুস্থতার মধ্যেও সংগঠনের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। চেয়েছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব দ্রুত শেষ করতে। কিন্তু আচমকাই থেমে গেল সেই পথচলা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূলের কালীঘাট থেকে কৃষ্ণনগর।
বুধবার রাতে উজ্জ্বল বিশ্বাসের মৃত্যুসংবাদ পেয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে বৃহস্পতিবার সকালে কলকাতায় প্রয়াত নেতার বাড়িতে যান বিধায়ক কুণাল ঘোষ, আলিফা আহমেদ এবং শ্রমিক নেত্রী দোলা সেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অসুস্থতার দিনগুলিতে উজ্জ্বলবাবুর সাংগঠনিক তৎপরতার নানা কথা জানতে পারেন তাঁরা।
দলীয় সূত্রে খবর, তৃণমূলের সাংগঠনিক টানাপড়েনের আবহে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল উজ্জ্বল বিশ্বাসের উপর। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার নেতৃত্বকে একজোট করে নথি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই কাজে ছেদ পড়ে। হাসপাতাল থেকেই দোলা সেনের সঙ্গে যোগাযোগ করে তিনি জানিয়েছিলেন, অসুস্থতার কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। সুস্থ হয়েই দ্রুত কাজে ফিরতে চেয়েছিলেন। দলের তরফে অবশ্য তাঁকে তাড়াহুড়ো না করে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
রাজ্যে পালাবদলের পর ত্রিপল দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন কারিগরি মন্ত্রী। প্রায় ৫০ দিন জেলবন্দি থাকার পর শারীরিক অসুস্থতার কারণে জামিন পান তিনি। পরে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। জেলা সংগঠনের বৈঠকেও দু’বার যোগ দেন। সেখানেই ফের তাঁকে সংগঠনের দায়িত্ব দেন দলনেত্রী।
জানা গিয়েছে, হৃদরোগের পর অস্ত্রোপচার, তার পর নিউমোনিয়া ও স্ট্রোকে আক্রান্ত হন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে তাঁর দেহ পৌঁছতেই বাড়িতে ভিড় করেন অসংখ্য মানুষ। কান্নায় ভেঙে পড়েন পরিজন ও স্থানীয়রা। যে দায়িত্ব শেষ করার তাগিদে অসুস্থ শরীরেও ছুটে বেড়াতে চেয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস, তা আর সম্পূর্ণ করা হল না। তাঁর প্রয়াণে জেলা রাজনীতিতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।





