কলকাতা, ১২ নভেম্বরঃ ফের আইনি ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। নতুন কোনও মামলায় পুলিশ যাতে তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সেই রক্ষাকবচের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের পর্যবেক্ষণ, আবেদনে উল্লিখিত বিষয়গুলি বিস্তারিতভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই এই পর্যায়ে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া সম্ভব নয়।
বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি দুর্নীতি মামলায় নতুন করে গ্রেপ্তারির মুখে পড়েছেন সুমিত। আদালত সূত্রে খবর, ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন কালীতলা আশুতিপুর থানার পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি আরও একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করা হয়েছে বলে বৃহস্পতিবার শুনানিতে আদালতকে জানান সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য।
আইনজীবীর বক্তব্য, বারবার নতুন মামলায় গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে আপাতত অন্তর্বর্তী সুরক্ষা চেয়েছিলেন তাঁর মক্কেল। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, আবেদনে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, সেগুলি খতিয়ে দেখা জরুরি। ফলে এই মুহূর্তে রক্ষাকবচ দেওয়া যাচ্ছে না।
এদিন রাজ্যের তরফেও আদালতে সময় চাওয়া হয়। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, বিশেষ কারণে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না। তাই রাজ্যের বক্তব্য পেশের জন্য অতিরিক্ত সময়ের আবেদন জানান তিনি।
সুমিত রায়ের রক্ষাকবচের আর্জি খারিজ হলেও মামলার শুনানি এখনও শেষ হয়নি। রাজ্যের বক্তব্য শোনার জন্য মামলাটি আগামী সোমবার ফের আদালতে উঠবে। ফলে সুমিতের আইনি লড়াই কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।





