বিষ্ণুপুর, ১২ নভেম্বরঃ ভূস্বর্গে ফের জঙ্গি হামলা। কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পয়েন্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল বাইকে আসা দুই হামলাকারী। বুধবার দুপুরের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিন সিআরপিএফ জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু চন্দ্র। তাঁর হাতে গুলি লেগেছে। স্বামীর আহত হওয়ার খবর পৌঁছতেই বিষ্ণুপুরের বাড়িতে উদ্বেগ আর কান্নার পরিবেশ। যদিও হামলার পরেই স্ত্রীকে ফোন করে শান্তনু আশ্বস্ত করেছেন, ‘চিন্তা কোরো না’।
বিষ্ণুপুরের শাঁখারিবাজারের মোল্লেশ্বর এলাকার বাসিন্দা শান্তনু। ২০১১ সালে সিআরপিএফে যোগ দেন তিনি। বর্তমানে ৪৬ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। গত সাড়ে তিন বছর ধরে তাঁর পোস্টিং কাশ্মীরে। কালীপুজোর সময় ছুটিতে বাড়ি এসেছিলেন। কিন্তু দীপান্বিতা লক্ষ্মীপুজোর পরের দিনই আবার কর্মস্থলে ফিরে যান। উপত্যকার অশান্ত পরিস্থিতির কথা ভেবে প্রতিদিনই উদ্বেগে কাটে পরিবারের। বুধবারের হামলার খবর সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
শান্তনুর স্ত্রী নন্দিনী চন্দ্র জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে চারটের মধ্যে স্বামী তাঁকে ফোন করেন। বলেন, তাঁদের এলাকায় হামলা হয়েছে। তিনি আহত হয়েছেন এবং হাসপাতালে যাচ্ছেন। তবে কী ভাবে জখম হয়েছেন, তখনও তা স্পষ্ট করে জানাননি। নন্দিনীর কথায়, “ও আমাকে বলেছিল, চিন্তা কোরো না। তখনও জানতাম না ওর গায়ে গুলি লেগেছে।” পরে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এক সিনিয়র আধিকারিক ফোন করে তাঁকে গুলিবিদ্ধ হওয়ার খবর দেন। গুলি হাতের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে বলে জানতে পারেন তিনি।
শান্তনুর বাবা তারাপদ চন্দ্রও ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁর কথায়, প্রথমে হামলার খবর পেলেও ছেলের কী হয়েছে, বুঝতে পারেননি। পরে আধিকারিকের ফোনে বিস্তারিত জানতে পারেন। ছেলের সঙ্গে কথা হয়েছে। শান্তনু তাঁকেও আশ্বস্ত করেছেন, হাতে সামান্য চোট লেগেছে, তিনি ঠিক আছেন।
সিআরপিএফ সূত্রে খবর, বুধবার দুপুর দুটো নাগাদ কুলগামের মিরবাজারের কাছে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুই হামলাকারী। পাল্টা জবাব দেন নিরাপত্তাকর্মীরা। পরে বাইকে চেপেই পালিয়ে যায় হামলাকারীরা। আহত তিন জওয়ানকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তনু ছাড়াও আহত হয়েছেন অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং।
ঘটনার পর কুলগাম-সহ উপত্যকার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। হামলার পিছনে লস্কর-ই-তইবার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর বিষ্ণুপুরে আপাতত একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন শান্তনু।





