খবরিয়া ২৪ ডেস্ক, ৩ জানুয়ারিঃ উত্তরাখণ্ডের বিজেপি সরকারের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্যের স্বামী গিরধারী লাল সাহুর একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিহারের মেয়েদের নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের পাশাপাশি বিহার রাজ্য মহিলা কমিশনের তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে।
জানা গিয়েছে, আলমোড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গিরধারী লাল সাহু বলেন, “বয়স বেড়ে গেলে বিয়ে হবে না? যদি বিয়ে না হয়, তাহলে আমরা বিহার থেকে মেয়ে নিয়ে আসব। কুড়ি-পঁচিশ হাজার টাকা দিলেই মেয়ে পাওয়া যাবে। আমার সঙ্গে এসো, ঠিক বিয়ের ব্যবস্থা করে দেব।” তাঁর এই মন্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “একজন রাজ্য মন্ত্রীর স্বামীর মুখে এই ধরনের কথা গোটা দেশের কন্যাদের অপমান। বিহার হোক বা উত্তরাখণ্ড, কেরল হোক বা অন্য কোনও রাজ্য এই মন্তব্য নারীদের সম্মানে চরম আঘাত।” কংগ্রেসের অভিযোগ, এই ধরনের বক্তব্য মানবপাচার, বাল্যবিবাহ ও নারীনির্যাতনের মতো অপরাধমূলক মানসিকতাকেই উসকে দেয়।
কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রীর স্বামীর মুখে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং বিজেপির মানসিকতারই পরিচয় দেয়। দলটির দাবি, এই ঘটনায় বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে, বিহার রাজ্য মহিলা কমিশনও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কমিশনের তরফে জানানো হয়েছে, গিরধারী লাল সাহুর বিরুদ্ধে নোটিস পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের মতে, এই ধরনের মন্তব্য নারীদের মর্যাদা ও অধিকারের পরিপন্থী এবং আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিতর্কিত মন্তব্য নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীদের চাপ ক্রমশ বাড়ছে, ফলে এই ইস্যুতে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।





