শীতলকুচি, ১১ মার্চঃ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল শীতলকুচি বিডিও অফিস চত্বরে। দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে শুরু হয় হাতাহাতি, যার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় দুই পক্ষের মোট চারজন জখম হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই সংক্রান্ত বিষয় নিয়ে এদিন শীতলকুচি বিডিও অফিসে উভয় পক্ষ উপস্থিত হয়। অভিযোগ, আলোচনার মাঝেই একসময় বচসা চরম আকার ধারণ করে এবং তা হাতাহাতিতে গড়ায়। দুই পক্ষের লোকজন একে অপরের উপর চড়াও হলে অফিস চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জখমদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় দুই পক্ষের মোট তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।ঘটনার পর বিডিও অফিস চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ।





