কলকাতা, ২৯ জুলাইঃ নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জিরাটের পৈতৃক ভিটে সংরক্ষণ করে সেখানে গড়ে তোলা হবে সংগ্রহশালা ও গ্রন্থাগার। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। হুগলির বলাগড়ে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি সরাসরি কিনে নিল তথ্য ও সংস্কৃতি দপ্তর।
সরকারি সূত্রে জানা গিয়েছে, চার উত্তরাধিকারীর কাছ থেকে মোট ১ কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় বাড়িটি কেনা হয়েছে। গত ৩ জুলাই কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স দফতরে রেজিস্ট্রির প্রক্রিয়া সম্পন্ন হয়। একই দিন সংশ্লিষ্ট উত্তরাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থও স্থানান্তর করা হয়। প্রশাসনিক খরচ-সহ গোটা প্রকল্পে প্রাথমিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা।
রাজ্য মন্ত্রিসভার ৩ জুনের বৈঠকে বাড়িটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর ২৯ জুন হুগলি জেলার ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটির বৈঠকের মাত্র তিন দিনের মধ্যেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। রাজ্য সরকারের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দ্রুততার সঙ্গে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে।
বর্তমানে বাড়িটির সংস্কার এবং সংগ্রহশালা তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও ভাবনাকে তুলে ধরতে সংগ্রহশালা, গ্রন্থাগার, পার্ক এবং একটি অডিটোরিয়াম গড়ে তোলা হবে। বাজেটে এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ১২৫ ফুট উঁচু পূর্ণাবয়ব মূর্তি স্থাপন ও আশপাশের এলাকার সৌন্দর্যায়নেরও পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে থাকা জিরাটের এই ঐতিহাসিক বাড়ি এবার রাষ্ট্রের সম্পত্তি। রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে প্রশাসনিক বাস্তবায়ন সেই পথ পেরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ঠিকানাকে নতুন পরিচয়ে গড়ে তোলার কাজ শুরু হল।





