খবরিয়া ২৪ ডেস্ক, ৬ জানুয়ারিঃ ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। উদ্বেগের কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, দিল্লির ভয়াবহ বায়ুদূষণের প্রভাবেই মূলত অসুস্থ হয়ে পড়েন ৭৮ বছরের সোনিয়া গান্ধী। সোমবার তাঁর দীর্ঘদিনের কাশির সমস্যা আরও বেড়ে যায় এবং শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি অনুভব করেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে একজন চেস্ট স্পেশালিস্টের তত্ত্বাবধানে রাখা হয়েছে কংগ্রেস নেত্রীকে।
চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর দীর্ঘদিনের ক্রনিক কাশির সমস্যা রয়েছে। দিল্লির দূষিত বাতাসে সেই সমস্যা আরও তীব্র হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাসপাতালে ভর্তি করার পর তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অক্সিজেন লেভেল, হৃদ্স্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়মিত নজরে রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার পর থেকে দুর্বলতা, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা মাঝেমধ্যেই তাঁকে ভোগাচ্ছে। গত বছর শিমলায় ছুটি কাটাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
হাসপাতাল সূত্রের দাবি, এবার পরিস্থিতি তেমন গুরুতর নয়। তবে বয়সজনিত কারণ এবং দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে সোনিয়া গান্ধী বিশেষ কেয়ার ইউনিটে রয়েছেন। চিকিৎসকদের দাবি, তিনি সাড়া দিচ্ছেন এবং আপাতত স্বস্তিতেই আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও সমর্থকরা।





