শিলিগুড়ি, ৪ মার্চঃ দোল ও হোলি উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে শহরজুড়ে বিশেষ তৎপরতা চালাল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এর ট্রাফিক বিভাগ। বুধবার ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ নিজেই মোটরসাইকেলে চেপে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।
পানিট্যাংকি সেবক মোড় থেকে শুরু করে জলপাই মোড়, বিভিন্ন চেক পোস্ট, আশিগড়, ফুলেশ্বরী বাজার হয়ে এনটিএস মোড়, ঝংকার মোড়, এয়ারভিউ এবং জংশন দার্জিলিং মোড় সহ একাধিক ব্যস্ত এলাকায় ঘুরে ট্রাফিক পরিস্থিতির খোঁজ নেন তিনি। পাশাপাশি ইস্টার্ন বাইপাস রোডের গুরুত্বপূর্ণ অংশেও নজরদারি চালানো হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (হেডকোয়ার্টার) সুবীর দত্ত এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি-রা।
উৎসবের দিনে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন আধিকারিকরা। বিশেষ করে ‘ড্রিংক অ্যান্ড ড্রাইভ’-এর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ট্রাফিক বিভাগ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাতে কেউ দুর্ঘটনা বা বিশৃঙ্খলার সৃষ্টি না করেন, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং, ব্রেথ অ্যানালাইজার টেস্ট এবং মোবাইল পেট্রোলিং বাড়ানো হয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম। ট্রাফিক পুলিশের এই সক্রিয় তৎপরতায় শহরবাসীর মধ্যেও স্বস্তি দেখা গেছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহরবাসীর উদ্দেশে আবেদন জানানো হয়েছে উৎসবের আনন্দ উপভোগ করুন, তবে আইন মেনে ও সচেতন থেকে নিরাপদে হোলি উদযাপন করুন। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই বিশেষ নজরদারি বলে জানিয়েছে কমিশনারেট।





