মুর্শিদাবাদ, ১৭ নভেম্বরঃ আইনশৃঙ্খলা নিয়ে কোনও আপস নয়। ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সন্ত্রাস কোনও কিছুই বরদাস্ত করবে না রাজ্য সরকার। মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে মঙ্গলবার এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের শাসনকালে বারবার মুর্শিদাবাদে অশান্তির প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, “কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে? কেন ট্রেনে ইট ছোড়া হবে? বেলডাঙা অশান্ত হবে কেন? কথায় কথায় জাতীয় সড়ক অবরুদ্ধ হবে কেন?”
মুর্শিদাবাদের সাম্প্রতিক অতীতের একাধিক অশান্তির ঘটনা এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধুলিয়ান ও শামসেরগঞ্জে হিংসা ছড়ানোর ঘটনা, বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুন, ট্রেনে ইট ছোড়া এবং জাতীয় সড়ক অবরোধ সব মিলিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বেলডাঙার অশান্তির প্রসঙ্গও তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও অজুহাতেই সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যায় না।
তাঁর কথায়, “কোনও ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।” ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, রাজ্যে সন্ত্রাস বা আইনশৃঙ্খলার অবনতি সরকার মেনে নেবে না। নারী সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই সরকার দায়বদ্ধ বলেও জানান মুখ্যমন্ত্রী।
কার্তিক মহারাজের আমন্ত্রণে বেলডাঙায় গিয়েছিলেন শুভেন্দু। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি। কার্তিক মহারাজের উদ্যোগে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলকে জগদ্ধাত্রীপুজোর শুভেচ্ছা জানান।
রাজনৈতিক পালাবদলের পর মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী এদিনের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। বিশেষত অতীতে বারবার উত্তপ্ত হওয়া বেলডাঙার মাটি থেকেই তাঁর এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর জেলার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন কী পদক্ষেপ করে।





