কলকাতা, ১৪ মার্চঃ শনিবার কলকাতা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে প্রায় ১৮,৬৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন তিনি। সড়ক, রেল এবং পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত একাধিক প্রকল্প এই ঘোষণার অন্তর্ভুক্ত বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “আজ কলকাতার মাটি থেকে পশ্চিমবঙ্গ এবং দেশের উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্প আজ ঘোষণা করা হয়েছে। আমি বাংলা এবং দেশের মানুষকে অভিনন্দন জানাই।” তিনি আরও জানান, এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
মোদী বলেন, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন রাজ্যের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর কথায়, “বাংলা অতীতে ভারতকে পথ দেখিয়েছে। ভবিষ্যতেও বিকশিত বাংলা হয়ে দেশকে পথ দেখাবে।”
এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভাকে ঘিরে সকাল থেকেই জমতে শুরু করে ভিড়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। দলীয় পতাকা, ব্যানার ও বড় বড় কাটআউটে সেজে ওঠে গোটা ময়দান।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। এই সভার মাধ্যমেই রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা হল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সমাবেশের পরই বিজেপি তাদের প্রথম দফার প্রার্থীতালিকাও প্রকাশ করতে পারে।
সব মিলিয়ে, উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা এবং রাজনৈতিক বার্তা দুই দিক থেকেই এদিনের ব্রিগেড সভা রাজ্যের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।





