আসানসোল, ১২ এপ্রিলঃ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের স্বপ্নভঙ্গ হল প্রাক্তন ছাত্রনেত্রী রাজন্যা হালদার-এর। প্রস্তাবক সংক্রান্ত জটিলতার জেরে তাঁর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্দল প্রার্থীর মনোনয়ন জমা দিতে ন্যূনতম ছয়জন প্রস্তাবকের উপস্থিতি প্রয়োজন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় রাজন্যার সঙ্গে উপস্থিত ছিলেন মাত্র চারজন প্রস্তাবক। অভিযোগ, আগে থেকে ঠিক করা ছয়জন প্রস্তাবকই সঠিক সময়ে পৌঁছতে পারেননি। তড়িঘড়ি করে নতুন প্রস্তাবক জোগাড়ের চেষ্টা করা হলেও তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন কক্ষে পৌঁছতে ব্যর্থ হন।
শেষমেশ সময়সীমা শেষ হওয়ার আগেই চারজন প্রস্তাবককে নিয়েই মনোনয়ন জমা দিতে বাধ্য হন রাজন্যা হালদার। পরে স্ক্রুটিনির সময় নিয়মভঙ্গের কারণ দেখিয়ে তাঁর মনোনয়ন বাতিল করে দেওয়া হয়।
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রাজন্যা। তাঁর দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে তাঁর প্রস্তাবকদের আটকে রেখেছিল যাতে তিনি মনোনয়ন জমা দিতে না পারেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, “কমিশনের নিয়ম মেনেই মনোনয়ন বাতিল হয়েছে। এতে আমাদের জড়িয়ে লাভ নেই।”
অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি প্রশান্ত চক্রবর্তীর বক্তব্য, প্রার্থী নিজেই প্রস্তাবক জোগাড় করতে ব্যর্থ হয়েছেন। তাঁর কটাক্ষ, “নাচতে না জানলে উঠানের দোষ।”উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজন্যা। সোনারপুর দক্ষিণের পাশাপাশি আসানসোল দক্ষিণ থেকেও প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এই ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, পাশাপাশি সমাজমাধ্যমেও কটাক্ষের মুখে পড়েছেন রাজন্যা।





