মালদা, ৮ এপ্রিল: এসআইআর বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অন্যতম অভিযুক্ত মুফাক্কারুল ইসলাম-কে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়নি এনআইএ। ফলে বুধবার মালদা জেলা আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এদিন আদালতে পেশ করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মামলাটি ঘিরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। এনআইএ তদন্তভার নেওয়ার পর থেকেই এই মামলার অগ্রগতি নিয়ে বিশেষ নজর রয়েছে।
আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোফাক্কারুল ইসলাম বলেন, “ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।” তিনি আরও জানান, তদন্তকারী সংস্থা এনআইএ হোক বা সিবিআই আইন মেনে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, “আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়ির ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমি বরং আন্দোলন থামাতে সাহায্য করেছিলাম।” তাঁর কথায়, সেই সময় পুলিশের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং অতিরিক্ত জেলাশাসকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
এই মামলায় অভিযুক্তের এমন বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ১৭ এপ্রিল আদালতে শুনানিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে জেলার মানুষ ও রাজনৈতিক মহল।





